Accident

বিয়েবাড়ির পথে ভয়াবহ পরিণতি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল তিস্তায়, দু’জনের মৃত্যু

সিকিমে বিয়েবাড়ি যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় বান্দারে ক্লিফের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায় চার বন্ধুর গাড়ি। দু'জনের মৃত্যু হয়েছে দু'জন চিকিৎসাধীন

তিস্তায় পড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
নিজস্ব সংবাদদাতা, সিকিম
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

তিস্তা নদীতে গাড়ি পড়ে বিপত্তি। সিকিমে বিয়েবাড়ি যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে চার বন্ধু। শুক্রবার ভোরে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় বান্দারে ক্লিফের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি তিস্তা নদীতে পড়ে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, আহত আরও দু’জন।

বিয়েবাড়িতে যোগ দিতে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চার বন্ধু। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পাহাড়ি রাস্তায় তাঁদের গাড়ি বিপদে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে দ্রুত গতিতে একটি মোড় ঘোরার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। রাস্তা ছেড়ে গাড়িটি সোজা পাহাড়ের ধারে গিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডুবতে শুরু করে। গাড়িতে মোট চারজন আরোহী ছিলেন। ঘটনায় দু'জন নিহত ও দু'জন গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম অনিকেত প্রসাদ ও অমন গুপ্তা, দু’জনেই গ্যাংটকের বাসিন্দা। আহত কুণাল গুপ্তা ও পবন কুমার। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

ঘটনার জেরে ভোরবেলায় ১০ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিম্পং জেলা পুলিশ-এর সুপার অপরাজিতা রাই জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


Share