Special Intensive Revision

রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন, আইবির প্রাক্তন স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলে এনকে মিশ্র সামলাবেন নির্বাচনের দায়িত্ব

কমিশনের নির্দেশ, এই কাজের জন্য তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং সমন্বয় রেখে কাজ করবেন। রাজ‍্যে বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করতে তাঁর কী কী প্রয়োজন তার ব‍্যবস্থা করবে সিইও-র দফতর।

প্রাক্তন আইপিএস অফিসার এনকে মিশ্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি শেষ। আগামী মার্চ মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন।

প্রাক্তন আইপিএস অফিসার এনকে মিশ্রকে বিশেষ পর্যবেক্ষক করে রাজ‍্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি এক দিকে বাকি থাকা এসআইআর-এর কাজ পর্যবেক্ষণ করবেন, অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচন সদন।

অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্র ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর ছিলেন। তার পরে সিকিম পুলিশের ডিজি হয়েছিলেন। ওই রাজ‍্যের পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তিনি সিকিম ক‍্যাডারের ১৯৮৮ ব‍্যাচের আইপিএস অফিসার। বাংলাদেশের সঙ্গে রাজ্যের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে। নির্বাচনের সময় গোয়েন্দা সংক্রান্ত তথ্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁর ওপরেই ভরসা রেখেছে নির্বাচন কমিশন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্র রাজ্যে আসবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বাকি কাজকে পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি বিধানসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজও সরেজমিনে খতিয়ে দেখবেন। আসন্ন বিধানসভা নির্বাচন কীভাবে সুষ্ঠু ভাবে পরিচালনা করা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তিনি নির্বাচন কমিশনকে দেবেন।

কমিশনের নির্দেশ, এই কাজের জন্য তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং সমন্বয় রেখে কাজ করবেন। রাজ‍্যে বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করতে তাঁর কী কী প্রয়োজন তার ব‍্যবস্থা করবে সিইও-র দফতর।

এ ছাড়াও, এসআইআর-এর কাজ বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল শুনানির শেষ দিন। তার আগেই ইতিমধ্যেই সেই কাজ শেষ হয়েছে। এর পরে নথি স্ক্রুটিনির কাজ চলবে। তা শেষ করতে হবে ২১ ফেব্রুয়ারির মধ্যে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। তাই গুরুত্বপূর্ণ সময় এসআইআর সংক্রান্ত কাজে কমিশনের নির্দেশ ঠিকঠাক মানা হচ্ছে কি না তা-ও তিনি দেখবেন।

কমিশন এ-ও জানিয়েছে, আইপিএস অফিসার এনকে মিশ্র এসআইআরের কাজে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। এই কাজের দায়িত্ব সামলানোর সময় অথবা একই ক্ষমতায় পরবর্তীকালে কোনও সময়েই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা অন্য কোনও নির্বাচন-সংক্রান্ত কর্তাকে কোনও ধরনের প্রশংসাপত্র প্রদান করবেন না। যদি তাঁর মনে হয়, কোনও নির্বাচন-সংক্রান্ত আধিকারিককে প্রশংসিত করা প্রয়োজন রয়েছে, তবে সম্পূর্ণ কারণ-সহ একটি প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে হবে। নির্বাচন কমিশনই এই সিদ্ধান্ত নেবে।


Share