Bomb Threat in Delhi

ফের দিল্লির তিনটি স্কুলে বোমাতঙ্কের হুমকি, দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী ও বম্ব স্কোয়াড

দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে অন্তত চারটি নামী স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে। যার মধ্যে বিটি তামিল স্কুলের নামও রয়েছে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পড়ুয়াদের নিরাপদে বাইরে নিয়ে যায়। দ্রুত দমকল ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৯

গত নভেম্বরের লালকেল্লায় বিস্ফোরণের ক্ষত এখনো তাজা। তার মধ্যেই লাগাতার নাশকতার হুমকিতে কার্যত উদ্বেগে দেশের রাজধানী। শুক্রবার সকালে শহরের একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি ইমেলে দাবি করা হয়েছে, আফজল গুরুর-র স্মৃতিতে দিল্লিকে ‘খলিস্তান’ বানানো হবে। ফলে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে অন্তত চারটি নামী স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে। যার মধ্যে বিটি তামিল স্কুলের নামও রয়েছে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পড়ুয়াদের নিরাপদে বাইরে নিয়ে যায়। দ্রুত দমকল ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এর আগেও গত সোমবার প্রায় ১৩টি স্কুলে একই ধরনের হুমকি মেল এসেছিল, যেখানে দুপুর ১টা ১১ মিনিটের সময়সীমাও উল্লেখ ছিল। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক মেলেনি এবং হুমকিগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়।

গত ২৯ জানুয়ারিও পাঁচটি স্কুলে একইভাবে হুমকি পাঠানো হয়েছিল। শুধু স্কুল নয়, দ্বারকা আদালত চত্বর এবং খোদ সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ইমেলের ভাষা নিয়ে উদ্বেগে গোয়েন্দারা। বারবার আফজল গুরু ও খলিস্তানের প্রসঙ্গ তুলে রাজধানীকে অস্থির করার চেষ্টার পেছনে বড় কোনো জঙ্গি সংগঠন জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। ১০ নভেম্বরের বিস্ফোরণের পর থেকেই শহর জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। হুমকি মেলের উৎস ও আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে কাজ করছে দিল্লি পুলিশের সাইবার সেল। এখনও পর্যন্ত মূল চক্রের হদিস মেলেনি।

স্কুল চত্বরগুলিতে তল্লাশি চালানোর পাশাপাশি অভিভাবকদের শান্ত থাকার আবেদন জানিয়েছে প্রশাসন। তবে অল্প সময়ের ব্যবধানে বারবার এমন ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই।


Share