KMC Budget

কমেছে কলকাতা পুরসভার বাজেটের ঘাটতি! দাবি মেয়র ফিরহাদ হাকিমের, ‘অঙ্কের জাগলারি’ বলছে বিজেপি

পুরসভার বাজেট অনুযায়ী, গত বছর সরকারি অনুদান ছিল ২ হাজার ৬৭৭ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৩ হাজার ১৩০ কোটি টাকা।

কলকাতা পুরসভায় পেশ হল বাজেট অধিবেশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২১

শুক্রবার দুপুর দু'টো নাগাদ মেয়র পারিষদ সদস্যদের নিয়ে বাজেট পেশ করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তিনি ঘোষণা করেন, গতবছরের তুলনায় এ বছর কলকাতা পুরসভার ঘাটতি প্রায় ১১ কোটি টাকা কমেছে। তবে এ বিষয়ে বিজেপি কাউন্সিলরের দাবি, পুরসভায় নতুন কোনও কর্মী নিয়োগ হচ্ছে না। তিনি বলেন, "প্রতি বছর যে সংখ্যক কর্মীরা অবসর নেন, তার পরিবর্তে নতুন কর্মী নিয়োগ করছে না কলকাতা পুরসভায়। ফলে তাদের বেতন বাবদ যে টাকা খরচ হওয়ার কথা তা করতে হচ্ছে না। এর ফলেই এই টাকার ঘাটতি কমাতে পেরেছে পুরসভা।" 

চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৮ কোটি টাকা এবং ব্যয় ৪ হাজার ৪৭০ কোটি টাকা। ফলে প্রাথমিক হিসাবে ঘাটতি দাঁড়াচ্ছে ১২২ কোটি টাকা। এ বার মোট আয় হতে পারে ৫ হাজার ৭৯১ কোটি ৪৩ লক্ষ টাকা। মোট ব্যয় ৫ হাজার ৯০২ কোটি ৪৩ লক্ষ টাকা। অর্থাৎ এই অর্থবর্ষে ঘাটতির পরিমাণ ১১১ কোটি টাকা। 

২০২৫-২৬ অর্থবর্ষে কর রাজস্ব হিসেবে আয় হওয়ার কথা ছিল ১ হাজার ৫৮১ কোটি টাকা। তবে এ হয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা। সেখানে দেখা গিয়েছে ৫৪৮ কোটি টাকা রাজস্ব হিসেবে তোলা যায়নি। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজস্ব খাতে আয় হিসেবে ধরা হয়েছে ১ হাজার ৬০৩ কোটি টাকা। যদিও গতবারের তুলনায় এ বার সম্পত্তি কর আদায়ের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এ ছাড়া, কর দাতার সংখ্যাও এ বছর বেড়েছে বলে দাবি করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবর্ষে মোট করদাতার সংখ্যা ছিল ৯ লক্ষ ৮০ হাজার ৩৩ জন। এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৯৯ হাজার ৬৩১ জন। অর্থাৎ প্রায় ২০ হাজার সম্পত্তিকে নির্ধারিত করের আওতায় আনা সম্ভব হয়েছে। 

এর পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে নতুন শংসাপত্র প্রদান এবং নবীকরণ থেকে ৬৪ কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে এই সংক্রান্ত বিষয়ে লক্ষ্যমাত্রা ৯০ কোটি টাকা স্থির করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ১০০ কোটি টাকা রাজত্ব আদায় করা সম্ভব হবে বলেও আশা করছে কলকাতা পুরসভা। 

উল্লেখ্য, গত বছর সরকারি অনুদান ছিল ২ হাজার ৬৭৭ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৩ হাজার ১৩০ কোটি টাকা।


Share