Arrest In Murder Case

রহস্যমৃত্যুত বদলে গেল খুনের অভিযোগে, শাশুড়িকে খুনের ঘটনায় গ্রেফতার ছোট বৌ ও তার বন্ধু

ময়নাতদন্তে খুনের প্রমাণ মেলার পর তদন্তে নেমে দু’জনকে আটক করে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১৪

বাড়ির ছোট বউ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে শাশুড়িকে খুনের অভিযোগ উঠলো। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে এক মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তে এমনই তথ্য সামনে এসেছে।শুক্রবার ধৃত দু’জনকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রিয়া রায় ও সমীর আলম। রিয়া আসানসোল উত্তর থানার বারাবনির লালগঞ্জের বাসিন্দা। অন্যদিকে, সমীর ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বাসিন্দা। তবে তাঁকে আসানসোলের জিটি রোড সংলগ্ন ভগৎ সিং মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি ঘটে গত ১৬ জানুয়ারি। ওই রাতে মৌ রায় নামে এক মহিলাকে পরিবারের সদস্যরা অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহ বাড়িতে ফিরিয়ে আনা হলে মৃতার ছেলে লক্ষ্য করেন, মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সাথে তাঁর গলার হারটি নিখোঁজ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।


Share