Murder Case

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

পুলিশের দাবি, প্রেমিকের সঙ্গে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনায় মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে আদালতের নির্দেশে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১১:৫৯

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জামুড়িয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়ি এলাকার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পরিহারপুরে ঘটনাটি ঘটেছে।

মৃত ব্যক্তির নাম সঞ্জিত বাউড়ি (৫৩)। তাঁর সঙ্গে বাঁকুড়া জেলার বাসিন্দা মৌসুমী বাউড়ির বিয়ে হয়েছিল প্রায় ১৯ বছর আগে। দম্পতির তিনটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জিতের স্ত্রী মৌসুমীর সঙ্গে স্থানীয় যুবক অভিরাম বাউড়ির দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্বই পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

প্রতিবেশীদের দাবি, সম্প্রতি সঞ্জিত এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। তাতেই দাম্পত্য অশান্তি শুরু হয়। সেই অশান্তির জেরেই সঞ্জিতকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে পুলিশের অনুমান। অভিযোগ, সোমবার রাতে এলাকার একটি পরিত্যক্ত বন্ধ খনিমুখের কাছে সঞ্জিতকে ডেকে নিয়ে যাওয়া হয়। ভারী কোনও বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে।


Share