Bangladesh Election

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী মোদীর, একসঙ্গে কাজ করার বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬

বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। তাতে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। এমন ইঙ্গিত স্পষ্ট হতেই শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেক রহমানকে ‘আন্তরিক অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে তারেককে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” একই সঙ্গে মোদী লেখেন, “গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।”

অন্য দিকে, নির্বাচনে জয়ের জন্য তারেককে ধন্যবাদ জানিয়েছে আমেরিকা। শুক্রবার সকালে ঢাকার আমেরিকার দূতাবাসের তরফ থেকে সমাজমাধ্যমে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের বিজয়ের শুভেচ্ছা।” তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। আমেরিকার দূতাবাসের তরফে করা পোস্টে লেখা হয়েছে, “আমাদের দুই দেশ (আমেরিকা এবং বাংলাদেশ)-এর সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা এখনও চলছে। সময় যত গড়াচ্ছে, ততই বিএনপি-র আসনসংখ্যা বাড়ছে। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে, জয় বা এগিয়ে থাকার নিরিখে বিএনপি-র ঝুলিতে এখন ১৭৯টি আসন। জামায়াতে ইসলামি (যা জামাত নামেই পরিচিত)-র ঝুলিতে ৬৮টি আসন। আর অন্য দলগুলির ঝুলিতে আপাতত সাতটি আসন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হবে। চূড়ান্ত ফলঘোষণা না-হলেও প্রাথমিক গণনায় স্পষ্ট ইঙ্গিত যে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের দল বিএনপি।


Share