Dawood Ibrahim

দাউদ ইব্রাহিম পাকিস্তানেই, ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপুঞ্জে রিপোর্টের ভুল ধরাল ভারত

দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছে বলে রাষ্ট্রপুঞ্জে দাবি ভারতের। ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে রিপোর্টে তথ্যগত ভুলের অভিযোগ তুলে নিরপেক্ষতা ও নির্ভুলতা বজায় রাখার বার্তা দিল নয়াদিল্লি।

দাউদ ইব্রাহিম।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেস্ক
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০২:২৯

কুখ্যাত অপরাধী ও সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের অবস্থান নিয়ে রাষ্ট্রপুঞ্জের এক বিশেষ রিপোর্টে তথ্যগত ভুল রয়েছে বলে অভিযোগ তুলল ভারত। রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদ মোকাবিলা এবং মানবাধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার বেন সাউলের রিপোর্টের বক্তব্যের বিরোধিতা করে আন্তর্জাতিক মঞ্চে সরব হল নয়াদিল্লি। ভারতের দাবি, দাউদ ইব্রাহিম ভারতে নয়, পাকিস্তানে রয়েছে। এ প্রসঙ্গে ওসামা বিন লাদেনের প্রসঙ্গও তুলে ধরেছে ভারত।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিশেষ র‍্যাপোর্টিয়ারের সঙ্গে আলোচনায় ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি জানান, ২০০৩ সালে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তালিকায় নাম ওঠার অনেক আগেই ভারত ছেড়ে পালিয়েছিল দাউদ। ওই সময় ভারতের বাইরে থেকেই আল কায়দা এবং ওসামা বিন লাদেনের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তার নাম তালিকাভুক্ত করা হয়।

পুরির বক্তব্য, ১৯৯৩ সাল থেকেই একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ভারতে দাউদ ইব্রাহিম ও তার নেতৃত্বাধীন ডি-কোম্পানি (D-Company) পুলিশের কাছে ওয়ান্টেড। রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে তালিকাভুক্তির কারণের বিবরণেও সেই তথ্য স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অথচ রিপোর্টে বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ ভারতের।

দাউদের অবস্থান প্রসঙ্গে পুরি বলেন, রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্তির তথ্য অনুযায়ী, সে সেই দেশেই রয়েছে, যেখানে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং পরে নিকেশ করা হয়। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত এলাকায় লাদেনের সন্ধান পেয়েছিল মার্কিন বাহিনী।

ভারতের অভিযোগ, পাকিস্তানে দীর্ঘদিন ধরে ভারতের একাধিক ওয়ান্টেড সন্ত্রাসবাদী আশ্রয় নিয়ে রয়েছে। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রিপোর্টে তথ্যের নির্ভুলতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখারও দাবি জানিয়েছে নয়াদিল্লি।

পুরির কটাক্ষ, সন্ত্রাসবাদকে সমর্থনকারীরা মানবাধিকার ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বক্তব্যকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তৈরি প্রচার বলেও কটাক্ষ করেছে ভারত।


Share