Middle East Conflict

ফের উত্তপ্ত হরমুজ প্রণালী! হামলার মুখে বাণিজ্যিক জাহাজ, ২১ ভারতীয় নাবিক-সহ সব ক্রু নিরাপদ

তবে জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিক-সহ সমস্ত ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৫:৩৭

ফের উত্তপ্ত হরমুজ প্রণালী। হামলার মুখে পড়ল আরও একটি বাণিজ্যিক জাহাজ। গতকাল, এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিক-সহ সমস্ত ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

সমাজমাধ্যমে একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের বুকহা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে হামলা হয়। হামলার জেরে জাহাজে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হামলার সময় ট্যাঙ্কারটি স্থির অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ‘এমটি এসটি ৩’ নামে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারেও প্রজেক্টাইলের আঘাত লাগে। ওই জাহাজে থাকা ১৫ জন ভারতীয় নাবিকও নিরাপদ ছিলেন। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে আন্তর্জাতিক জলপথে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহণের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। ভারতও আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের অবাধ প্রবাহ বজায় রাখার উপর জোর দিচ্ছে।


Share