Accident

বিসর্জনের আগেই বিপত্তি! তুফানগঞ্জে প্রতিমার নিচে চাপা পড়ে আহত তিন পুরকর্মী, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পুরকর্মীরা প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাচ্ছেন। সেই সময়ই হঠাৎ প্রতিমাটি সামনের দিকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চাপা পড়েন নিরঞ্জনের কাজে যুক্ত কয়েকজন কর্মী।

প্রতিমা ভেঙ্গে পড়ার মুহূর্ত
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৩:২৫

দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততা। বিসর্জনের ঠিক আগেই তুফানগঞ্জে ঘটল দুর্ঘটনা। রায়ডাক নদীর ঘাটে নিরঞ্জনের জন্য প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎই সামনের দিকে ভেঙে পড়ে দুর্গাপ্রতিমা। তার নিচে চাপা পড়ে আহত হন তিন পুরকর্মী। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুজো কমিটির সদস্যদের সঙ্গে নিরঞ্জনের দায়িত্বে থাকা কর্মীদের বচসা শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, বুধবার দশমী উপলক্ষে তুফানগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন পুজোর প্রতিমা রায়ডাক নদীর ঘাটে নিরঞ্জন করা হচ্ছিল। সেই সময় জয়হিন্দ ক্লাবের দুর্গাপ্রতিমা ঘাটে নিয়ে আসা হয়। পুরকর্মীরা প্রতিমা নিরঞ্জনের দায়িত্বে ছিলেন। তাঁরা ট্রলিতে প্রতিমাটি তুলে ভাসানের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই আচমকা সামনের দিকে প্রতিমাটি ভেঙে পড়ে। ঘটনায় কয়েকজন পুরো কর্মী তার নিচে চাপা পড়ে যান।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুরকর্মীরা প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাচ্ছেন। সেই সময়ই হঠাৎ প্রতিমাটি সামনের দিকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চাপা পড়েন নিরঞ্জনের কাজে যুক্ত কয়েকজন কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজন আহত হন। তবে তাঁদের আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্লাবের সদস্যদের সঙ্গে নিরঞ্জনের দায়িত্বে থাকা কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। এর জেরে কিছুক্ষণের জন্য প্রতিমা নিরঞ্জনের কাজ বন্ধ থাকলেও পরে ফের স্বাভাবিকভাবে শুরু হয় নিরঞ্জন প্রক্রিয়া।


Share