Mahua Maitra

মহুয়ার নিরাপত্তা মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করতে হবে। মহুয়ার নিরাপত্তা সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি আগামী ২ ডিসেম্বর।

মহুয়া মৈত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৫:৫৪

নিজের নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করতে হবে। মহুয়ার নিরাপত্তা সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি আগামী ২ ডিসেম্বর।

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে বারবার দুষ্কৃতীদের হেনস্থার শিকার হচ্ছেন তিনি। কখনও দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, আবার কখনও গাড়িতে যাতায়াতের সময় তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে মহুয়াকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশের পরেও হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি সাংসদের। তাই এ বার তাঁর জন্য সর্বক্ষণের নিরাপত্তাকর্মী মোতায়েনের আবেদন জানিয়েছেন তিনি।

মহুয়ার নিরাপত্তা সংক্রান্ত অন্য একটি মামলায় আগেই তাঁর সাংসদ এলাকায় যাতায়াতের সময় দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। গত ৭ অক্টোবর সেই মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিলেন বিচারপতি। পাশাপাশি, একজন সাংসদের নিরাপত্তার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করা হয়, তা-ও রাজ্যকে জানাতে বলা হয়েছিল।

বুধবার সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) রাজদীপ মজুমদার। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা এবং সাংসদদের নিরাপত্তা সংক্রান্ত ‘ইয়েলো বুক’ মেনেই মহুয়া মৈত্রকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ওই নিয়ম অনুযায়ী, তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও আদালতকে জানান তিনি।

অন্য দিকে, মহুয়ার আইনজীবী অর্ক নাগ আদালতে সওয়াল করেন, সাংসদের নিরাপত্তার জন্য একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) থাকলেও তিনি সর্বক্ষণ মহুয়ার সঙ্গে থাকেন না। হামলার ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করতে পারে বলেও আদালতে জানান আইনজীবী। সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ মন্ত্রককে মামলায় যুক্ত করার অনুমতি চান তিনি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর মহুয়ার আইনজীবীর আবেদন মঞ্জুর করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সঙ্গে ১৫ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি। আগামী ২ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। 


Share