Kolkata Airport

কলকাতা বিমানবন্দর থেকে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমেরিকান ডলার উদ্ধার, ব‍্যাগের গোপন জায়গায় লুকিয়ে রাখা ছিল বলে সূত্রের দাবি

পুলিশ সূত্রে খবর, গত সোমবার ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীদের ব্যাগের তল্লাশি চালানোর সময় এক পুরুষ ও এক মহিলার ব্যাগের ভিতর থেকে ওই ডলার উদ্ধার করা হয়। সূত্রের খবর, ব্যাগের ভিতরের একটি গোপন অংশে আমেরিকার ডলারগুলি খবরের কাগজে মোড়া ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৫:৫৯

কলকাতা বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমেরিকা মুদ্রা উদ্ধার করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গত ১৯ অক্টোবর, অষ্টমীর সকালে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ওই দিন সকাল ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সিআইএসএফ। মোট এক লক্ষ ১৯ হাজার ৯০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীদের ব্যাগের তল্লাশি চালানোর সময় এক পুরুষ ও এক মহিলার ব্যাগের ভিতর থেকে ওই ডলার উদ্ধার করা হয়। সূত্রের খবর, ব্যাগের ভিতরের একটি গোপন অংশে আমেরিকার ডলারগুলি খবরের কাগজে মোড়া ছিল। পুরুষ যাত্রীর ব্যাগ থেকে ৭৪ হাজার ৯০০ ডলার এবং মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪৫ হাজার ডলার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সব মিলিয়ে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার উদ্ধার করা হয়েছে। এই আমেরিকান ডালারগুলি ভারতীয় মুদ্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। ওই বিদেশি মুদ্রা কী ভাবে তাঁদের কাছে এল তা নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি পুলিশ। নামপরিচয় বলতে চায়নি পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ২৫ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। ওই যাত্রী ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা এক যাত্রীর কাছে তা উদ্ধার করা হয়। সেই ঘটনার সঙ্গে সোমবারের ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Share