New Born Baby

দেবী নিরঞ্জনের মাঝেই শিশুর কান্না! ধুপগুড়িতে দশমীর রাতে ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত, হাসপাতালে পাঠালেন স্থানীয়রা

শিশুর কান্না শুনে তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে শিশুটিকে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০১:২৯

দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততা। তার মধ্যেই ধূপগুড়িতে ড্রেন থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুপুত্র। সন্ধ্যায় শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ড্রেনের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ির ডাংধড়ি কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর সন্ধ্যায় এলাকার বাসিন্দারা প্রতিমা নিরঞ্জন নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সময় তাঁরা হঠাৎই সদ্যোজাতের কান্না শুনতে পান। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ড্রেনের মধ্যে শিশুটিকে দেখতে পান। তাঁদের দাবি, শিশুটির নাড়ি তখনও কাটা হয়নি।

এরপর আর দেরি না করে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা টুনিবালা রায় বাড়িতে নিয়ে যান। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় দাইমাকে ডেকে শিশুটির নাড়ি কাটার ব্যবস্থা করা হয়। পরে শিশুটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

 কে বা কারা শিশুটিকে ড্রেনে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তার বাবা-মায়ের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিশুটিকে উদ্ধারের বিষয়ে টুনিবালা রায় জানান, সন্ধ্যায় হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। খোঁজ করতে গিয়ে ড্রেনের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে বাড়িতে নিয়ে এসে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যদের সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দশমীর রাতে সদ্যোজাতকে ড্রেন থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Share