RBI Repo Rate

ঋণে সুদের হার কমানোর সম্ভাবনা খারিজ করল দেশের শীর্ষ ব্যাঙ্ক, রেপো রেট নিয়ে বড় ইঙ্গিত দিল আরবিআই

মূল্যবৃদ্ধির আশঙ্কায় ঋণের সুদ কমার সম্ভাবনা ক্ষীণ, ডিসেম্বরের MPC বৈঠকে রেপো রেট নিয়ে পরবর্তী পদক্ষেপের স্পষ্ট ইঙ্গিত দিতে পারে আরবিআই।

আরবিআই গভর্নর সঞ্চয় মালহোত্রা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৫:৪০

ভবিষ্যতে ঋণের সুদের হার কমানোর সম্ভাবনা কার্যত খারিজ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বরং মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সুদের হার বাড়ানো অথবা বর্তমান হার অপরিবর্তিত রাখার পথে হাঁটতে পারে শীর্ষ ব্যাঙ্ক। অক্টোবরের মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকের কার্যবিবরণীতে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

অক্টোবরের বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছিল। ফলে আপাতত গৃহঋণ, গাড়ির ঋণ-সহ বিভিন্ন ঋণের সুদ কমার সম্ভাবনা কার্যত ক্ষীণ। আরবিআইয়ের পরবর্তী MPC বৈঠক হওয়ার কথা ২ থেকে ৪ ডিসেম্বর।

আরবিআইয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির হার গড়ে প্রায় ৫.৮ শতাংশ থাকতে পারে। চলতি বছরে খাদ্য ও জ্বালানির মতো অস্থির উপাদান বাদ দিয়ে ‘কোর ইনফ্লেশন’ বা মূল্যবৃদ্ধি হার ৪.৪ শতাংশ হতে পারে বলে অনুমান। যাকে অর্থনৈতিক ভাষায় স্বাভাবিক বলেই গণ‍্য করা হয়।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার মতে, সরবরাহজনিত সমস্যায় পণ্য ও জ্বালানির দাম বাড়লে তার প্রভাব উৎপাদন খরচ, বেতন বৃদ্ধির প্রত্যাশা এবং সংস্থাগুলির পণ্যের দাম নির্ধারণের উপর পড়তে পারে। পাশাপাশি, অর্থের জোগান ও ঋণের পরিমাণ বাড়লে চাহিদাজনিত মূল্যবৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

তাই সুদের হার নির্ধারণের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি, অর্থনৈতিক বৃদ্ধি এবং সরবরাহজনিত সমস্যার প্রভাব খতিয়ে দেখবে আরবিআই। ডিসেম্বরের বৈঠকেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করেছেন। 


Share