Weather Update

পুজোর পর শীতের হালকা আমেজ, সপ্তাহ ঘুরতেই ফের বদলাবে আবহাওয়া? থাকছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা!

আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও পুরোপুরি কাটেনি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১১:০৪

দুর্গাপুজো মিটতেই রাজ্যজুড়ে আবহাওয়ায় বদলের ছোঁয়া। কোথাও আকাশ পরিষ্কার, কোথাও আংশিক মেঘলা। তারই মধ্যে ভোর ও রাতের দিকে বেশ কিছু জেলায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তবে এই স্বস্তির আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, অক্টোবরের শেষদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও এখনও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। শুষ্ক বাতাসের প্রভাবে বেশ কয়েকটি এলাকায় পারদ নেমেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ২০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে আগামী সপ্তাহে আবহাওয়ার এই ছবিতে বদল আসতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দ্বাদশীর দিন দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ-রোদের খেলা। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের বেলা আবহাওয়া মোটের উপর মনোরম থাকলেও ভোর ও রাতের দিকে তাপমাত্রা কম থাকায় হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম।

সব মিলিয়ে, পুজোর পর আপাতত মনোরম আবহাওয়া থাকলেও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার উপর অক্টোবরের শেষদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও পুরোপুরি কাটেনি। ফলে আবহাওয়ার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাখছে হাওয়া অফিস।


Share