Tollywood Guild Election

শনিবার থেকে টলিউডে ভোটের লড়াই, টেকনিশিয়ানদের নির্বাচন ঘিরে বাড়তি নজর মিঠুনের

দীর্ঘ বিতর্ক ও অস্থিরতার আবহে টলিউডে গিল্ড নির্বাচন শুরু, টেকনিশিয়ান স্টুডিয়োয় ভোট প্রক্রিয়ার উপর নজর রাখছেন মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ।

বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১২:১২

দীর্ঘদিনের বিতর্ক, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং সাংগঠনিক অস্থিরতার আবহ কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের পথে টলিউড। শনিবার, ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শুরু হচ্ছে বিভিন্ন গিল্ডের নির্বাচন। ভোটগ্রহণ চলবে আগামী কাল, রবিবার ১ নভেম্বর পর্যন্ত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের সাংগঠনিক কাঠামোয় এই প্রথম বড় নির্বাচনী প্রক্রিয়া ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে স্টুডিয়োপাড়ায়। নির্বাচন প্রক্রিয়ার উপর নজর রাখতে এ দিন টেকনিশিয়ান স্টুডিয়োয় উপস্থিত রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ।

টেকনিশিয়ান স্টুডিয়োয় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে। একাধিক গিল্ডের মধ্যে এ বার সবচেয়ে বেশি নজর রয়েছে মেকআপ আর্টিস্ট গিল্ডের নির্বাচনের দিকে। সাম্প্রতিক সময়ে এই গিল্ডকে কেন্দ্র করেই একাধিক বিতর্ক সামনে এসেছে। সদস্যপদ, গিল্ড কার্ড, আর্থিক লেনদেন এবং সংগঠনের পরিচালন পদ্ধতি নিয়ে উঠেছে নানা অভিযোগ। সেই বিতর্কের পর নতুন কমিটি কী ভাবে দায়িত্ব সামলায়, তা নিয়ে কৌতূহল রয়েছে টলিপাড়ার অন্দরে।

গত কয়েক মাসে টলিউডে অশান্তির পাশাপাশি শুটিং বন্ধ, গ্রেফতারি, মামলা-পাল্টা মামলা এবং পরিচালক ও অভিনেতাদের ব্যান করার বিতর্কও সামনে এসেছে। এই পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক জট কাটানোর চেষ্টা হচ্ছে। এর আগে নন্দনে আয়োজিত বৈঠকে নির্বাচন আয়োজনের পক্ষেই সওয়াল করেছিলেন মিঠুন। সংগঠনের কাজে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে কাঠামো সাজানোর বার্তাও দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ অগস্ট নন্দনে টলিউডের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরই ৩১ অক্টোবর ও ১ নভেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিভিন্ন গিল্ডের নির্বাচন সম্পন্ন হবে। তার পর ফেডারেশনের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রযোজকদের স্বাধীন ভাবে প্রয়োজন অনুযায়ী টেকনিশিয়ান নিয়োগ, গিল্ডের সদস্যপদে স্বচ্ছতা এবং নতুনদের কাজের সুযোগ নিশ্চিত করার মতো বিষয়ও আলোচনায় রয়েছে। এখন দেখার, নির্বাচনের মাধ্যমে টলিউডের দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যার কতটা সমাধান হয় এবং মেকআপ গিল্ডে নতুন সভাপতি-সহ নতুন কমিটির দায়িত্বে কারা আসেন।


Share