Calcutta High Court

টেট উত্তীর্ণ হয়েও ‘ফেল’! ওবিসি শংসাপত্রের জটে প্রাথমিকের ২০২৫-এর নিয়োগ, হাই কোর্টে মামলা

শনিবার জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি অর্জুন রায় মুখার্জি। মামলাকারীদের অভিযোগ, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার জেরেই যোগ্য হওয়া সত্ত্বেও বহু পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়নি।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০৩:৪৫

প্রাথমিকের ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। নিয়োগ প্রক্রিয়ায় একাধিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীকে ‘ফেল’ দেখানোর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। শনিবার জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি অর্জুন রায় মুখার্জি। মামলাকারীদের অভিযোগ, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার জেরেই যোগ্য হওয়া সত্ত্বেও বহু পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হয়নি।

মামলাকারী মিজানুর রহমান সিদ্দিকি-সহ একাধিক পরীক্ষার্থীর দাবি, তাঁদের কাছে ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণির শংসাপত্র ছিল। কিন্তু রাজ্যে নতুন ওবিসি সংরক্ষণ বিধি কার্যকর হওয়ার পর সেই শংসাপত্র বাতিল হয়ে যাওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে সংরক্ষিত শ্রেণির টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের পাশের নম্বর ৮২ এবং অন্যান্য শ্রেণির পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৮৯ করার আবেদন জানিয়েছেন তাঁরা। আগামী সোমবার কলকাতা হাই কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় ২০১০ সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তৎকালীন বিরোধী বিজেপির অভিযোগ ছিল, রাজনৈতিক স্বার্থে ও ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই ওবিসি তালিকার সম্প্রসারণ করেছিল রাজ্য সরকার।

পরবর্তীতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি সরকার। তবে পরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রয়েছে। এই পরিস্থিতিতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতা প্রাথমিকের ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে প্রভাব ফেলছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সোমবার হাই কোর্টের শুনানিতে পরীক্ষার্থীদের এই আবেদন ঘিরে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর।


Share