Accident

বর্ধমানে ফুল কিনতে গিয়ে ভয়াবহ পরিণতি, ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা-ভাইজির

বুধবার চতুর্থীর সকালে বর্ধমানের বীরহাটা ঘড়িমোড় এলাকায় ডিভাইডার টপকে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় ছ’বছরের সোহানা সুলতানা ও তাঁর কাকা মইদুল মোল্লার।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৩:৪৪

স্কুলে ফুল খেলা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ছোট্ট সোহানার। সেই উপলক্ষে সে কাকার সঙ্গে ফুল কিনতে গিয়েছিল। কিন্তু ফুল কেনার আগেই দুর্ঘটনা। বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ছ’বছরের শিশুকন্যা ও তার কাকার। বুধবার চতুর্থীর সকালে বর্ধমান শহরের জিটি রোডের বীরহাটা ঘড়িমোড় এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সোহানা সুলতানা। বয়স ছ’বছর। তার কাকা মইদুল মোল্লা। তাঁদের বাড়ি বর্ধমান সদর থানা এলাকার বাহির সর্বমঙ্গলা পাড়ায়। সোহানা স্থানীয় বিদ্যার্থী গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার স্কুলে ফুল খেলার অনুষ্ঠান থাকায় সকালে কাকার সঙ্গে সে সাইকেলে চেপে স্কুলের উদ্দেশে বেরিয়েছিল।

জিটি রোডের বীরহাটা ঘড়িমোড় এলাকায় রাস্তার ধারে কয়েকটি ফুলের দোকান রয়েছে। সেখানেই ভাইঝির জন্য ফুল কিনতে একটি দোকানের সামনে সাইকেল থামান মইদুল। পাশে দাঁড়িয়েছিল সোহানা। অভিযোগ, সেই সময় রাস্তার উল্টো দিক থেকে একটি ট্রাক্টর ডিভাইডার টপকে তাঁদের দিকে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সোজা একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে এবং কাকা-ভাইজিকে ধাক্কা মারে।

দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় সোহানা ও মইদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেফতার করা হয়েছে। দোকানে ঢোকার আগে ট্রাক্টরটি এক রিকশাচালককেও ধাক্কা মারে বলে জানা গিয়েছে। আহত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রাক্টরচালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে, কাকা ও ভাইঝির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছোতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে দোকানে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share