Drug Seized

মালদহের উদ্ধার ৩ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, হাতবদলের আগেই বিপুল মাদক সমেত চার জনকে গ্রেফতার করল এসটিএফ

ধৃতদের নাম— মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭)। ধৃত তিন জনই কালিয়াচকের গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকার বাসিন্দা।

ধৃতদের হাজির করানো হচ্ছে আদালতে।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০৭:৫২

মালদহের কালিয়াচক থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে দু’কেজির বেশি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে।

এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় তল্লাশি চালায় গোয়েন্দারা। সেই সময় সন্দেহজনক একটি চারচাকা গাড়ি আটক করেন তাঁরা। তাতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ওজন করানো হয়। ধৃতদের কাছ থেকে মোট ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ওই গাড়িতে চার জন ছিল। তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম— শাহিবার আলি, মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭)। ধৃতেরা তিন জনই কালিয়াচকের গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকার বাসিন্দা।শাহিবার আলির কাছ থেকেই মাদক বাকি তিন অভিযুক্ত সংগ্রহ করেছিল বলে এসটিএফ সূত্রে খবর। 

ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক কোথা থেকে আনা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কোথায় পাচারের পরিকল্পনা করেছিল, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

উল্লেখ্য, মালদহের কালিয়াচক এলাকা মাদক পাচারের হাব বলে চিহ্নিত করা হয়। এর আগেও এই এলাকা থেকে প্রচুর মাদক উদ্ধার হয়েছে। বারবার বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় মাদকপাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share