Clash

স্কুলের ভিতরেই নৃশংস হামলা! পাথর ও ফুলের টব দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন খুদেকে মার তৃতীয় শ্রেণির পড়ুয়ার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

হামলায় গুরুতর জখম হয়েছে কেজি-র ওই খুদে পড়ুয়া। এমনকি, শিশুটি জ্ঞান হারানোর পরেও তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

পাথর ও ফুলের টব দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন খুদেকে মার তৃতীয় শ্রেণির পড়ুয়ার।
নিজস্ব সংবাদদাতা, হরিয়ানা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০৭:৩৬

স্কুলের ভিতরেই ভয়াবহ ঘটনা! বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে পাথর ও ফুলের টব দিয়ে হামলার অভিযোগ উঠল তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছে কেজি-র ওই খুদে পড়ুয়া। এমনকি, শিশুটি জ্ঞান হারানোর পরেও তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০-এর সংস্কৃতি মডেল স্কুলে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পড়ুয়া প্রথমে বারবার পাথর দিয়ে শিশুটিকে আঘাত করে। এরপর একটি ফুলের টব দিয়েও তার উপর হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, গুরুতর জখম হয়ে শিশুটি জ্ঞান হারানোর পরেও হামলা থামেনি। অভিযোগ, এরপর বেশ কিছুক্ষণ আহত শিশুটিকে টেনেও নিয়ে যায় অভিযুক্ত পড়ুয়া।

ঘটনার পর তড়িঘড়ি আহত শিশুটিকে পঞ্চকুলার সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআই)-এ স্থানান্তরিত করেন। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে সেক্টর ২০ থানার এসএইচও যশদীপ এবং তদন্তকারী আধিকারিক প্রদীপ কুমার পুলিশবাহিনী নিয়ে স্কুলে পৌঁছোন। কীভাবে স্কুলের ভিতরে এমন ঘটনা ঘটল, তা জানতে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্ত পড়ুয়ার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ভিতরে পড়ুয়াদের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল চত্বরে কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share