Murder Case

কাটোয়ায় ছ’বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, তিন মাসের ছেলেকেও হত্যার চেষ্টা

কাটোয়ার পাঁচঘড়ায় ছ’বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। স্বামীর বক্তব্য, স্ত্রীর মানসিক সমস্যা ছিল বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১০:১৫

পুজোর আগে ছ’বছরের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। শিশুটিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিন মাসের ছেলেকেও খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় কাটোয়ার পাঁচঘড়া এলাকার এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা পুষ্পেন্দু দাম। তিনি কলকাতা পুলিশের কর্মী।

অভিযোগ অনুযায়ী, ঘরের দরজা বন্ধ করে মেয়েকে খুন করার পর তিন মাসের ছেলেকেও হত্যার চেষ্টা করেন অভিযুক্ত মহিলা মৌপ্রিয়া। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযুক্ত মহিলাকেও চিকিৎসার জন্য ওই হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে পূর্বস্থলীর ছাতনির বাসিন্দা মৌপ্রিয়ার সঙ্গে বিয়ে হয় কলকাতা পুলিশের কর্মী পুষ্পেন্দু দামের। পুষ্পেন্দুর বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপে। ঘটনার সময় তিনি কলকাতায় কর্মস্থলে ছিলেন। দ্বিতীয় সন্তানের জন্মের আগে গত ছ’মাস ধরে কাটোয়ার পাঁচঘড়ায় মামার বাড়িতে ছিলেন মৌপ্রিয়া। সেখানেই এই ঘটনা ঘটে।

মৌপ্রিয়ার মামা দেবীপ্রসাদ মণ্ডলের দাবি, তাঁর ভাগ্নি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল। দ্বিতীয় সন্তানের জন্মের আট মাস আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও তিনি করেছিলেন। তবে এমন ঘটনা ঘটতে পারে, তা তাঁরা বুঝতে পারেননি বলে জানিয়েছেন দেবীপ্রসাদ।

অন্যদিকে, পুষ্পেন্দুর বক্তব্য, স্ত্রীর মানসিক সমস্যা ছিল বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন। কিন্তু সেই কারণে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলার ঘটনা মেনে নিতে পারছেন না তিনি। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন পুষ্পেন্দু। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।


Share