Omar Abdullah Cabinet Crisis

জম্মু-কাশ্মীরে ওমর আবদুল্লাহ সরকারে অস্বস্তি, মন্ত্রিসভা ভেঙে নতুন করে গঠনের দাবি এনসি বিধায়কদের

মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে ন্যাশনাল কনফারেন্সের অন্দরে অসন্তোষ, গোটা মন্ত্রিসভার পদত্যাগ ও নতুন করে সরকার গঠনের দাবি তুললেন একাংশের বিধায়করা।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০৫:৫৮

জম্মু-কাশ্মীরে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে শাসক ন্যাশনাল কনফারেন্সের (এনসি) অন্দরে অসন্তোষের খবর। একাধিক বিধায়ক মন্ত্রিসভায় জায়গা না পাওয়া এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব নিয়ে ক্ষুব্ধ বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে গোটা মন্ত্রিসভার পদত্যাগ এবং ঐকমত্যের ভিত্তিতে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি তুলেছেন দলের একাংশ। এর মধ্যেই আগামী ৩ নভেম্বর দল ও লোকসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লা মেহদি।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় লোলাবের বিধায়ক কাইজার জামশেদ লোনের বাসভবনে এক ডজনেরও বেশি এনসি বিধায়ক বৈঠকে বসেন। কয়েকজন অনলাইনে যোগ দেন। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ এবং যোগ্যতা ও গণতান্ত্রিক নীতির ভিত্তিতে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আহমেদ ওয়ানির পদত্যাগের দাবিও উঠেছে।

মঙ্গলবার মন্ত্রিসভার সম্প্রসারণে আলি মহম্মদ সাগর, শামিমা ফিরদৌস, মীর সইফুল্লা এবং আলতাফ আহমেদ কাল্লু নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন। ফলে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীর সংখ্যা দাঁড়ায় ন’জন। বাদ পড়েন সতীশ শর্মা। মন্ত্রিসভায় জায়গা না পেয়ে প্রকাশ্যেই হতাশা জানান বিধায়ক আবদুল মাজিদ লারমি। অন্যদিকে, বৈঠকে যোগ দেওয়া মুবারক গুলকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেন এনসি সভাপতি ফারুক আব্দুল্লাহ। গুল নিজেও মন্ত্রিসভায় জায়গা চেয়েছিলেন বলে খবর।

এদিকে, ৩ নভেম্বর পদত্যাগের ঘোষণা করে মেহদি অভিযোগ করেছেন, ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল, বন্দিদের মুক্তি এবং মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দল সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অংশীদার হতে চান না বলেও জানিয়েছেন তিনি। ওই দিন বাডগামে তাঁর প্রয়াত বাবা আগা সৈয়দ মেহদির মৃত্যুবার্ষিকীতে জনসভায় বক্তব্য রাখবেন।

তবে দলে বড়সড় বিদ্রোহের জল্পনা উড়িয়ে দিয়েছেন এনসি মুখপাত্র ইফরা জান। তাঁর দাবি, ২০ জন বিধায়কের বৈঠকের খবরের পক্ষে কোনও ছবি বা নামের তালিকা নেই। বিধানসভার ৯০টি আসনের মধ্যে এনসির ৪১ জন বিধায়ক রয়েছেন। ছ’জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে, আর কংগ্রেসের ছ’জন বিধায়ক বাইরে থেকে সরকারকে সমর্থন করছেন।


Share