Food Safety Campaign

তেলের টিনে আরশোলা! কালীপুজোর আগে হুগলির একাধিক মিলে খাদ্য দফতরের হানা, উঠে এল একাধিক অনিয়ম

চুঁচুড়ার একটি মিলে তেলের টিনে মিলল আরশোলা, মগরার একটি মিলে নেই ফুড লাইসেন্স। খাদ্যবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিস দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে তেলের নমুনা।

তেলের ড্রাম ও টিনের মধ্যে মিলল আরশোলা
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১১:৫২

কালীপুজোর আগে ফের অভিযান খাদ্য সুরক্ষা দফতরের। এবার তেলের মিলে হানা। হুগলির চুঁচুড়া ও মগরার একাধিক তেল মিলে তল্লাশি চালাতেই নানা অনিয়ম সামনে এল। কোথাও তেলের ড্রাম ও টিনের মধ্যে মিলল আরশোলা।কোথাও মিলল না প্রয়োজনীয় ফুড লাইসেন্স। খাদ্যবিধি না মানার অভিযোগে দফতর একটি মিলকে নোটিসও দিয়েছে।

শনিবার সকালে চুঁচুড়া থানার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি তেল মিলে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা হানা দেন। সেখানে তেলের একাধিক টিনের মধ্যে আরশোলা ভর্তি অবস্থায় তাঁরা দেখতে পান। এই ঘটনায় মিলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম না মানার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে। একই দিনে মগরা থানার অধীন আরও দু'টি তেলের মিলেও অভিযান চালানো হয়। সেখানেও বেশ কিছু অনিয়ম নজরে আসে আধিকারিকদের।

সামনেই কালীপুজো। উৎসবের আগে বাজারে তেলের চাহিদা ও বিক্রি বাড়ে। সেই তেলের গুণগত মান ঠিক রয়েছে কি না, উৎপাদনে কী ধরনের উপকরণ ব্যবহার করা হচ্ছে কিংবা ভেজাল মেশানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। মগরা ব্লকের খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক তনুশ্রী মিশ্র জানান, একটি তেল কলে আগে তেল তৈরি করা হলেও বর্তমানে সেখানে উৎপাদন বন্ধ। তবে মিলটি খোলা রাখা হয়। সেখানেই তেলের ড্রামের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছে। ওই মিলের কোনও ফুড লাইসেন্স নেই। দ্রুত লাইসেন্স করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সেখানে বিক্রি হওয়া তেলের গুণগত মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, দেবানন্দপুরের তেল মিলের মালিক রোশনলাল গুপ্তা জানান, প্রায় ১২ বছর ধরে তাঁরা খুচরো জিনিসের ব্যবসা করছেন। শনিবার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা এসে দোকানের সামগ্রী পরীক্ষা করেন। ফুড লাইসেন্স না থাকায় ১৫ দিনের সময় দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর দাবি, মিলে সমস্ত সামগ্রীই খুচরো বিক্রি করা হয়। তবে সর্ষের তেল খুচরো বিক্রি করা যাবে না, সে বিষয়ে আগে তাঁদের জানা ছিল না। আগামী দিনে এই নিয়ম মেনে চলার আশ্বাস দিয়েছেন তিনি।


Share