Gyanesh Kumar Removal Demand

কংগ্রেস নেতা খাড়্গের বাসভবনে প্রতীকী ‘সংসদ’, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ৬ অভিযোগে সরব ‘ইন্ডি জোট’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি-সহ ছ’টি অভিযোগ তুলে অপসারণের দাবিতে সরব হল ইন্ডি জোট।

প্রতীকী সংসদ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০৯:২৯

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছ’টি অভিযোগ তুলে তাঁকে পদ থেকে সরানোর প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডি’। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দিল্লির রাজাজি মার্গের বাসভবনে আয়োজন করা হয় প্রতীকী সংসদ অধিবেশনের। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলের আদলে তৈরি এই মঞ্চে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরব হন বিরোধী নেতারা। অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। অপসারণের প্রস্তাব পেশ করেন খাড়্গে।

অধিবেশনের শুরুতেই মীরা কুমার অভিযোগ করেন, সাধারণ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে প্রশ্ন তুললে স্বচ্ছ উত্তর পাওয়া যাচ্ছে না। তাঁর বক্তব্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদেরও নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

এর পর খাড়্গে বলেন, গণতন্ত্রে ভোটাধিকার একটি মৌলিক বিষয়। বর্তমানে সেই অধিকারই সঙ্কটের মুখে বলে দাবি করেন তিনি। কংগ্রেস সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছেন মুখ্য নির্বাচন কমিশনার। ক্ষমতা ধরে রাখতে শাসকদল সাংসদ ভাঙানো, সরকার ফেলে দেওয়া, ইলেক্টোরাল বন্ড এবং ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, এবার ভোটার তালিকা নিয়েও কারচুপি হচ্ছে।

‘ইন্ডি জোট’-এর আনা প্রতীকী অপসারণ প্রস্তাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মোট ছ’টি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচন চুরির ষড়যন্ত্র, ১৩.২ কোটি ভোটারের নাম বাদ দেওয়া, সংসদের অনুমোদন ছাড়াই ফর্ম ৬ পুনর্লিখন, ইসিআইনেটের মাধ্যমে ভোটার তালিকার নিয়ন্ত্রণ নেওয়া, অন্য দুই নির্বাচন কমিশনারকে অন্ধকারে রাখা এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করার অভিযোগ। ছাত্রনেত্রী নেহা বোরা-সহ ভোটার তালিকা থেকে বাদ পড়া কয়েক জন নাগরিকও অধিবেশনে বক্তব্য রাখেন।

অন্যদিকে, এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। দলের বক্তব্য, নির্বাচনে জিততে না পেরে রাহুল গান্ধী নিজের পছন্দমতো সংসদ তৈরি করেছেন এবং এই অধিবেশন কার্যত প্রহসন। এর আগে শুক্রবার অমিত শাহ ভোটার তালিকা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে। সংসদে এই বিষয়ে আলোচনায় সরকার প্রস্তুত বলেও দাবি করেন তিনি।


Share