Drug Seized

কালীপুজো-জগদ্ধাত্রী পুজোর আগে মাদকপাচার রুখল চন্দননগরের পুলিশ! ৩০ কেজি গাঁজা-সহ গ্রেফতার চার জন

হিন্দমোটরে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার চার।

সাংবাদিক বৈঠক করছেন অর্ণব বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:০১

সামনেই কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। তার আগেই আগে মাদক পাচার রুখল চন্দননগর পুলিশ কমিশনারেট। হিন্দমোটরে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল চন্দননগর পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে মাদক পাচারের গোপন খবর পেয়ে হিন্দমোটরে অভিযান চালানো হয়। গোয়েন্দা এবং উত্তরপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়। সেই সময় চার জনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে স্কুল ব্যাগ ও কাঁধে ঝোলানো মোট ১০টি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা মেলে। পরে ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওজন করে প্রায় ৩০ কেজিতে এসে দাঁড়ায় বলে পুলিশ দাবি করেছে।

ঘটনায় চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম— পিন্টু বসাক, লাল্টু হাজরা, রাজকুমার মিস্ত্রী ও শুভম মুখোপাধ্যায়। তাঁদের বাড়ি চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা করা হবে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে ট্রেনে করে গাঁজা নিয়ে আসা হয়েছিল। তার পরে তা হুগলিতে  বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের। ধৃতরা ট্রেনে করেই মাদক নিয়ে হিন্দমোটরে এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে।

বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শ্রীরামপুরের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস জানিয়েছেন, “গোটা ঘটনার তদন্ত চলছে। মাদক পাচারচক্রের শিকড় খুঁজে বের করাই এখন পুলিশের লক্ষ্য।” 


Share