Murder Case

পরকীয়া সন্দেহে দিল্লি থেকে আসানসোলে আসা যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! চাঞ্চল্য রূপনারায়ণপুরে

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৮:৫৭

দিল্লি থেকে মাঝেমধ্যেই আসানসোলে যাতায়াত করতেন এক যুবক। অভিযোগ, হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনির একটি কোয়ার্টারে যাতায়াতের সূত্রেই তাঁকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল। ওই কোয়ার্টারের বাসিন্দা এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে স্বামী সন্দেহ করতেন। আর সেই সন্দেহের জেরেই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকায়।

মৃতের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। পুলিশ সূত্রে খবর, তাঁর পরিবারের সদস্যরা দিল্লিতে থাকেন। তবে কাজ বা অন্য কোনও কারণে নয়, মাঝেমধ্যেই সালানপুরের হিন্দুস্তান কেবলস এলাকার একটি কোয়ার্টারে তিনি আসতেন। ওই কোয়ার্টারের বাসিন্দা মন্টু যাদবের স্ত্রীর সঙ্গে অশোকের সম্পর্ক রয়েছে বলে এলাকায় কানাঘুষো চলছিল। 

বিষয়টি নিয়ে মন্টুর স্ত্রীর উপর সন্দেহ ছিল। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ফের দিল্লি থেকে আসানসোলে মন্টু যাদবের ওই কোয়ার্টারে পৌঁছোন অশোক। এরপরই তাঁকে মারধর করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share