Railway Update

কল্যাণীতে ৭ ঘণ্টার ট্র্যাফিক ব্লক, বাতিল একাধিক লোকাল, বদলাচ্ছে বহু ট্রেনের যাত্রাপথ, শনি-রবিবার শিয়ালদহ শাখায় যাত্রী দুর্ভোগ!

রেল সূত্রে খবর, শনিবার ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার ১ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল্যাণী ও কাঁচরাপাড়ার মধ্যে ডাউন মেন লাইনে এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৮:৩৩

ট্র্যাক ও বিদ্যুৎ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য কল্যাণী স্টেশন সংলগ্ন এলাকায় সাত ঘণ্টার ট্র্যাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। এর জেরে শনি ও রবিবার শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। রেল সূত্রে খবর, শনিবার ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার ১ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল্যাণী ও কাঁচরাপাড়ার মধ্যে ডাউন মেন লাইনে এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, কল্যাণী স্টেশন এলাকায় ডাউন লাইনের দু’টি অংশে ট্র্যাক সরানোর কাজ করা হবে। এই কাজ সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট অংশে আগে থেকে জারি থাকা স্থায়ী গতিসীমার বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব হবে। তবে কাজ চলাকালীন সিগন্যালিং ব্যবস্থা ও ট্রেন চলাচলে প্রভাব পড়বে। সেই কারণেই একাধিক লোকাল ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং শিয়ালদহ-লালগোলা শাখার নির্দিষ্ট কয়েকটি আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। একই সঙ্গে বাতিল করা হয়েছে কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকালও। অন্যদিকে, রবিবার নৈহাটি-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-গেদে শাখার নির্দিষ্ট কয়েকটি লোকাল চলবে না।

শুধু ট্রেন বাতিলই নয়, কয়েকটি দূরপাল্লার ও লোকাল ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। রবিবার শিয়ালদহ-লালগোলা ৫৩১৭১ নম্বর ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ছাড়বে। পাশাপাশি লালগোলা পর্যন্ত না গিয়ে কাঁচরাপাড়াতেই তার যাত্রা শেষ হবে। শনিবার লালগোলা-শিয়ালদহ ৬৩১০৬ নম্বর ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে।

এ ছাড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্তের ৩১৩৪১ ও ৩১৩১১ নম্বর লোকাল ট্রেন দু’টি নৈহাটি পর্যন্ত চলাচল করবে। রবিবার ৩১৩১২ ও ৩১৩১৪ নম্বর ট্রেন কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকেই যাত্রা শুরু করবে।

সব মিলিয়ে সপ্তাহান্তে শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। তাই শনিবার ও রবিবার যাঁদের এই শাখায় যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের স্টেশনে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।


Share