Railway Police

ট্রেনে ফেলে যাওয়া সাত লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার, তরুণীকে ব্যাগ ফিরিয়ে দিল শেওড়াফুলি জিআরপি

তারকেশ্বর-হাওড়া লোকালে কামারকুন্ডু স্টেশনে নামার সময় ব্যাগ ফেলে নেমে পড়েছিলেন সুমনা মণ্ডল নামে এক তরুণী। পরে দ্রুত তল্লাশি চালিয়ে গহনাভর্তি ব্যাগ উদ্ধার করে সমস্ত জিনিস অক্ষত অবস্থায় তাঁর হাতে ফিরিয়ে দেয় পুলিশ।

শেষ পর্যন্ত শেওড়াফুলি জিআরপির তৎপরতায় সমস্ত গহনা-সহ ব্যাগ ফিরে পেলেন তরুণী
নিজস্ব সংবাদদাতা, শেওরাফুলি
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩৫

ট্রেনে ব্যাগ ফেলে নেমে পড়েছিলেন তরুণী। সেই ব্যাগেই ছিল প্রায় সাত লক্ষ টাকা মূল্যের সোনার গহনা। শেষ পর্যন্ত শেওড়াফুলি জিআরপির তৎপরতায় সমস্ত গহনা-সহ ব্যাগ ফিরে পেলেন ওই তরুণী। পুলিশের এই উদ্যোগে তাঁর স্বস্তি ফিরেছে।

ঘটনাটি বৃহস্পতিবারের। হাওড়া জিআরপি থানার তরফে শেওড়াফুলি জিআরপি থানায় খবর দেওয়া হয়। কামারকুন্ডু স্টেশনে নামার সময় তারকেশ্বর-হাওড়া লোকালের একটি কামরায় মূল্যবান গহনা-সহ একটি হ্যান্ডব্যাগ ফেলে নেমে পড়েছেন এক তরুণী। খবর পাওয়ার পরই তৎপর হয় শেওড়াফুলি জিআরপি। ট্রেনটি শেওড়াফুলি স্টেশনে পৌঁছোতেই কামরায় তল্লাশি চালানো হয়। এরপর গহনা ভর্তি ব্যাগ উদ্ধার হয়।

ব্যাগের মধ্যে ছিল এক জোড়া সোনার চুড়ি, যার ওজন ৪০ গ্রাম, এক জোড়া সোনার কানের দুল, ওজন ৩ গ্রাম এবং দুটি সোনার লকেট ওজন ৫ গ্রাম। সব মিলিয়ে ব্যাগে থাকা সোনার গহনার মোট ওজন ছিল ৪৮ গ্রাম। তরুণীর দাবি, গহনাগুলির বাজারমূল্য প্রায় সাত লক্ষ টাকা। পরে সুমনা মণ্ডল নামে ওই যুবতী শেওড়াফুলি জিআরপি থানায় আসেন। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর সমস্ত জিনিস অক্ষত অবস্থায় তাঁর হাতে তুলে দেওয়া হয়।

সুমনা জানান, তিনি তারকেশ্বর থেকে তারকেশ্বর-হাওড়া লোকালে উঠেছিলেন। কামারকুন্ডু স্টেশনে নামার সময় ভুলবশত ব্যাগটি ট্রেনের কামরায় ফেলে নেমে পড়েন। পরে শেওড়াফুলি জিআরপি থানায় বিষয়টি তিনি জানান। দ্রুত পদক্ষেপ করে পুলিশ ব্যাগটি উদ্ধার করে দেওয়ায় সমস্ত সোনার গহনা ফিরে পেয়েছেন বলে জানান সুমনা। এই সাহায্যের জন্য শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন।


Share