Calcutta High Court

সন্দীপ ঘোষের পর এ বার জেলমুক্তির পথে সুমন হাজরা! আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাই কোর্ট

অথচ এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে আদালত। সেই কারণেই সুমন হাজরার জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৩:৫২

আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর এ বার জামিন পেলেন অভিযুক্ত সুমন হাজরা। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, মামলায় মোট ১৪৭ জন সাক্ষীর তালিকা রয়েছে। অথচ এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে আদালত। সেই কারণেই সুমন হাজরার জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। তদন্তকারীদের অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই দু’জনকে বেআইনিভাবে একাধিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দু’জনেরই বাড়ি হাওড়ায়। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও তদন্তে উঠে আসে।

এর আগে শুক্রবার আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষও। সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ ছিল—হাসপাতালের আর্থিক অনিয়ম এবং অযোগ্য মেডিকেল পড়ুয়াদের নম্বরে কারচুপি করে সুবিধা পাইয়ে দেওয়া। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত অগস্ট মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে জামিন পান তিনি। এ বার সেই মামলাতেই সুমন হাজরার জামিন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।


Share