Mysterious Death

প্রেমের সম্পর্ক ভাঙতেই শুরু হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ! দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু, সুইসাইড নোট ঘিরে একাধিক প্রশ্ন

সেখানে নিজের মৃত্যুর জন্য দায়ী হিসেবে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অনির্বাণ বলে খবর। সেই তালিকায় কয়েকজন সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি এক মহিলা আইনজীবীর নামও রয়েছে বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দত্তপুকুর
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০২:২২

দত্তপুকুর থানার এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম অনির্বাণ বসু। তিনি দত্তপুকুর থানার নিবাধুই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে নিজের মৃত্যুর জন্য দায়ী হিসেবে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অনির্বাণ বলে খবর। সেই তালিকায় কয়েকজন সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি এক মহিলা আইনজীবীর নামও রয়েছে বলে জানা গিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা আইনজীবীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অনির্বাণের। তবে সম্প্রতি সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। পরিবারের অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ওই মহিলা আইনজীবী বিভিন্নভাবে অনির্বাণকে হুমকি দিচ্ছিলেন। এমনকী, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও করা হচ্ছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনির্বাণ। মৃতের মা কল্পনা বসুর দাবি, ঘটনার দিন গভীর রাতে দত্তপুকুর থানার পুলিশ এবং কয়েকজন সিভিক ভলান্টিয়ার আচমকাই তাঁদের বাড়িতে হাজির হন। দরজায় ধাক্কাধাক্কি করে গেট খোলার পর অনির্বাণের ঘরের দরজা খুলতে বলা হয়। দরজা খুলতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা।

এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের বাড়িতে পৌঁছনোর আগেই কি আত্মঘাতী হয়েছিলেন অনির্বাণ? নাকি তার আগে অন্য কোনও ঘটনা ঘটেছিল? সুইসাইড নোটে যাঁদের নাম উল্লেখ রয়েছে, তাঁদের সঙ্গে অনির্বাণের কী ধরনের সম্পর্ক ছিল এবং তাঁর মৃত্যুর নেপথ্যে তাঁদের কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। কল্পনাদেবীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলের উপর নানা ভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি সুইসাইড নোটে উল্লিখিত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।


Share