Metro Update

রবিবার কলকাতা মেট্রোয় বড়সড় বদল! সকাল ৯টা থেকে ৯ ঘণ্টা বন্ধ ব্লু লাইনের একাংশ, কোন কোন স্টেশনে মিলবে না পরিষেবা?

নেতাজি ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে রবিবার যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১০:৩৮

আগামী রবিবার, ১ নভেম্বর রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে ব্যাহত হবে কলকাতা মেট্রোর পরিষেবা। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে বন্ধ থাকবে মেট্রো চলাচল। নেতাজি ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে রবিবার যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

তবে এই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। যদিও পরিবর্তন করা হচ্ছে প্রথম মেট্রো ছাড়ার সময়। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে ময়দানের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। সন্ধ্যা ৬টার পর (সম্ভাব্য সময়) ব্লু লাইনের সম্পূর্ণ অংশে ফের স্বাভাবিক পরিষেবা চালু হওয়ার কথা।

এ দিকে, রবিবার ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। তবে ওই দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। অন্য দিকে, রবিবারের নিয়ম মেনেই পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।

রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। তাই রবিবার যাঁরা ব্লু লাইনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে মেট্রো কর্তৃপক্ষ।


Share