Lucknow Triple Murder

‘ইটের বদলা গুলিতে’, ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, লখনউয়ে একই পরিবারের তিন জনকে খুন, ধৃত মার্চেন্ট নেভির প্রাক্তন কর্মী

মাত্র ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে একই পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগ উঠেছে মার্চেন্ট নেভির প্রাক্তন কর্মী ঋষভ শুক্লর বিরুদ্ধে।

অভিযুক্তের নাম ঋষভ শুক্ল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০২:৫১

গাড়ি পার্কিং নিয়ে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদ থেকেই ভয়াবহ পরিণতি উত্তরপ্রদেশের লখনউয়ে। একই পরিবারের তিন সদস্যকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে মার্চেন্ট নেভির প্রাক্তন কর্মী ঋষভ শুক্লর বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে এই হামলার একটি নতুন ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ঘটনাটি গত সোমবার লখনউয়ের সাদাতগঞ্জ এলাকার। পুলিশ সূত্রে খবর, ঋষভ শুক্ল এবং তিওয়ারি পরিবারের বাড়ি পাশাপাশি। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হত। এমনকি বেশ কয়েকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। সোমবার সেই বিবাদই চরম আকার নেয়।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন প্রথমে দু'টি গুলি চালান ঋষভ। পিস্তলের কার্তুজ শেষ হয়ে যাওয়ায় ফের তাতে গুলি ভরেন তিনি। এরপর আরও তিন রাউন্ড গুলি চালান। সব মিলিয়ে মাত্র ২২ সেকেন্ডে পাঁচটি গুলি ছোড়েন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তিকে পর পর তিনটি গুলি করেন তিনি। বাকি দু'টি গুলি লাগে অন্য দু'জনের শরীরে। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিওয়ারি পরিবারের তিন সদস্য শিবাজি, শিবেন্দ্র এবং সুযশ তিওয়ারির। ঘটনাস্থল থেকে পিস্তল এবং কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ভিডিয়োয় ঋষভকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘আমাকে ইট দিয়ে মেরেছিল ওরা, আমি গুলি করে মেরেছি।’’ অভিযোগ, গুলিবিদ্ধদের উদ্ধার করতে স্থানীয়েরা এগিয়ে এলে তাঁদেরও গুলি চালানোর হুমকি দেন তিনি। তিনজনকে গুলি করার পর তাঁদের দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

পরে ঘটনাস্থলে পৌঁছে ঋষভকে গ্রেফতার করে পুলিশ। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঠিক কী কারণে পুরনো পার্কিং বিবাদ এমন ভয়াবহ হত্যাকাণ্ডের রূপ নিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share