Amit Shah UCC Announcement

উত্তরপ্রদেশে বিজেপি ফিরলেই অভিন্ন দেওয়ানি বিধি, অখিলেশকে নিশানা করে বড় দাবি অমিত শাহের

উত্তরপ্রদেশে বিজেপি ফের ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি অমিত শাহের, অখিলেশ যাদবকে নিশানা করে আগামী তিরিশ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ।

(বাঁ দিক থেকে) যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:০১

উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ভোটের আগে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করার ঘোষণা করে রাজনৈতিক তরজা আরও উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার লখনউয়ে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, উত্তরপ্রদেশে ফের বিজেপি সরকার গঠিত হলে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। একই সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নিশানা করে আগামী তিন দশক উত্তরপ্রদেশে ক্ষমতায় ফেরার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেন তিনি।

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে দলের নেতা-কর্মীদের সামনে নির্বাচনী রণকৌশল এবং ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরতে শুরু করেছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই শুক্রবার লখনউয়ের রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক দিনের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ইউসিসি চালুর প্রতিশ্রুতি দেন অমিত শাহ।

বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি ফের ক্ষমতায় এলে এই রাজ্যেও ইউসিসি চালু করা হবে। উল্লেখ্য, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার-সহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে ধর্ম নির্বিশেষে অভিন্ন আইন প্রণয়নের প্রস্তাব ঘিরে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। বিজেপি নেতারা দেশের সর্বত্র এই বিধি কার্যকর করার পক্ষে সওয়াল করে আসছেন। সম্প্রতি অসমেও এই আইন চালুর উদ্যোগ ঘিরে আলোচনা জোরদার হয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলির একাংশ ইউসিসির প্রয়োজনীয়তা ও সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের একাংশও।

এ দিনের বৈঠকে শুধু ইউসিসি নয়, বিরোধীদের আক্রমণ করতেও পিছপা হননি অমিত শাহ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নিশানা করে তাঁর দাবি, আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারবে না সমাজবাদী পার্টি। তাঁর আরও দাবি, টানা তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। অখিলেশের দলকে কটাক্ষ করে শাহ বলেন, জনগণ তাঁদের তৃতীয় প্রজন্মকেও ক্ষমা করবে না।

ভোটের আগে ইউসিসি-কে সামনে রেখে বিজেপির এই ঘোষণা উত্তরপ্রদেশের রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।


Share