Sexual Assault

মাদক খাইয়ে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনার কথা না জানাতে ভিডিয়ো পাঠিয়ে ব্ল্যাকমেল, বাগুইআটিতে এফআইআর

হুগলির ব্যান্ডেলে ১৩ বছরের নাবালিকাকে মাদক মিশ্রিত জল খাইয়ে গণধর্ষণ ও ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল একাধিক ব্যক্তির বিরুদ্ধে। পুজোর সময় পরিচিতের সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরের দিন বাড়ি ফেরে ওই নাবালিকা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ব্যান্ডেল
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ০৩:২৪

মাদক খাইয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকী, ভিডিয়ো তুলে ঘটনা নিয়ে মুখ বন্ধ রাখার জন‍্য ব্ল‍্যাকমেলও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার বয়স ১৩ বছর। তিনি পুজোর সময় পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ঘটনাস্থল হুগলির ব‍্যান্ডেল। স্থানীয় বাগুইআটি থানার একটি পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার (বিমানবন্দর) জানিয়েছেন। 

পরিবারের বয়ান অনুযায়ী, শনিবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ ওই নাবালিকা বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল। বান্ধবীও নাবালিকা বলে জানা গিয়েছে। ওই দিন সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় রাত ৮টা ৩০ মিনিট নাগাদ মেয়েকে তাঁর মা ফোন করেন। তখন নাবালিকা জানায়, সে বান্ধবীর সঙ্গে ব্যারাকপুরে গিয়েছে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে সে বাড়ি ফিরে আসবে।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না মেলায় রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ফের ফোন করেন তাঁর মা। পরিবারের বক্তব্য, সেই ফোনটি ধরেন এক অপরিচিত ব্যক্তি। ফোনের ওপারে থাকা ওই ব্যক্তি দাবি করেন, তিনি রাস্তায় নাবালিকাকে কাঁদতে দেখেন। তাই তিনি সেই ফোনটি তিনি তুলেছেন।

রাত ১২টা ৬ মিনিট নাগাদ মাকে মেসেজ করে বিপদের কথা জানায় নাবালিকা। নাবালিকা জানায়, তাঁকে রিক নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দেবজিৎ সরকার নামে এক যুবক নাবালিকার মাকে ফোন করে মেয়ের নিরাপদে থাকার কথা জানান। পরে দেবজিৎ দাবি করেন, তিনি ওই বাড়িতে গিয়ে জানতে পারেন, প্রায় ১০ মিনিট আগেই একটি চারচাকা গাড়ি সেখান থেকে বেরিয়ে গিয়েছে। ওই গাড়িতেই নাবালিকা সেই বাড়িতে গিয়েছিল।

পরিবারের বয়ান অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নাবালিকা বাড়ি ফেরেন। তার চোখেমুখে কান্নার ছাপ ছিল। সে মানসিক ভাবে ভেঙে পড়েছিল বলে দাবি পরিবারের। পরে নাবালিকা তাঁর মাকে গোটা বিষয়টি জানায়। 

নাবালিকার বয়ান অনুযায়ী, তাকে একটি গাড়িতে করে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। হুগলির ব‍্যান্ডেলের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জলের সঙ্গে কিছু মিশিয়ে জোর করে খাওয়ানো হয়। এর পর একাধিক ব্যক্তি তার উপর যৌন নির্যাতন চালায়। পরিবারের আরও অভিযোগ, নাবালিকাকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানো হয়েছিল।

ঘটনার এখানেই শেষ নয়, পরিবারের অভিযোগ, নাবালিকার বান্ধবী, দেবজিৎ সরকার এবং কুণালকুমার রাউত-সহ একাধিক ব্যক্তি ওই ঘটনার ভিডিয়ো রেকর্ড করেছিলেন। পরে সেই ভিডিয়ো দেখিয়ে নাবালিকা ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও দাবি। এই হুমকির জেরে পরিবারের সদস্যরা পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছিলেন বলে অভিযোগ।

ঘটনায় বাগুইআটি থানায় একটি পকসো মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, চন্দননগর পুলিশ কমিশনারেটকে বিষয়টি জানানো হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটেও একটি পৃথক মামলা দায়ের করা হতে পারে বলে সূত্রের খবর।


Share