Allegations Against Yunus Government

হাসিনার সরকার পতনের আগে গোপনে ইউনূসের সঙ্গে যোগাযোগ! ছাত্রনেতাদের ‘বার্তা’ পৌঁছে দিয়েছিলেন AFP সাংবাদিক, দাবি বাংলাদেশের প্রাক্তন প্রেস সচিবের

আন্দোলন চলাকালীন সেই সময় সংবাদসংস্থা AFP-র ঢাকা ব্যুরোয় ‘ফ্যাক্ট চেক’ দলের সম্পাদক ছিলেন শিশির। শফিকুল আলমের কথায়, AFP-র দফতরে তাঁর নিজের ডেস্ক থেকে মাত্র এক গজ দূরেই বসতেন শিশির। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি ছাত্রনেতাদের বার্তা ইউনূসের কাছে পৌঁছে দেন।

(বাঁ দিক থেকে) মহম্মদ ইউনূস এবং সাংবাদিক কাদেরুদ্দিন শিশির।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক ডেস্ক
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:১৫

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পৌঁছে দিতে গোপনে যোগাযোগ স্থাপন করেছিলেন ছাত্রনেতারা। আর সেই যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সংবাদসংস্থা AFP-র সাংবাদিক কাদেরুদ্দিন শিশির। ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলম এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন।

সমাজমাধ‍্যমে একটি পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, ছাত্রনেতারা হাসিনার পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মহম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানাতে চেয়েছিলেন। কিন্তু ইউনূসের কাছে পৌঁছোনোর জন্য তাঁদের প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর। সেই দায়িত্বই নিয়েছিলেন AFP-র সাংবাদিক কাদেরুদ্দিন শিশির।

আন্দোলন চলাকালীন সেই সময় সংবাদসংস্থা AFP-র ঢাকা ব্যুরোয় ‘ফ্যাক্ট চেক’ দলের সম্পাদক ছিলেন শিশির। শফিকুল আলমের কথায়, AFP-র দফতরে তাঁর নিজের ডেস্ক থেকে মাত্র এক গজ দূরেই বসতেন শিশির। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি ছাত্রনেতাদের বার্তা ইউনূসের কাছে পৌঁছে দেন। তাঁর উদ্যোগেই দু’পক্ষের মধ্যে প্রাথমিক কথাবার্তা শুরু হয় বলে দাবি করেন তিনি।

শফিকুল আলমের দাবি, গোটা বিষয়টি এতটাই গোপনে পরিচালিত হয়েছিল যে শেখ হাসিনা আরও দু’দিন ক্ষমতায় থাকলেও তাঁর নিরাপত্তা বাহিনী এই যোগাযোগের কোনও খবর পায়নি। বিষয়টি প্রকাশ্যে এলে শিশির এবং সংবাদসংস্থা AFP-র গোটা দলকে বিপদের মুখে পড়তে হত বলেও দাবি করেছেন শফিকুল। এমনকী, তাঁদের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আলম।

শুধু গোপন যোগাযোগ স্থাপনই নয়, সেই সময় জনগণের ভোটে নির্বাচিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ভিডিয়ো সংগ্রহ করছিলেন শিশির। প্রবল চাপের মধ্যেও তিনি শান্ত ও সংযত থেকে নিজের দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচিত সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করায় ফ্রান্সের সংবাদসংস্থা AFP-র গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাক্তন প্রেস সচিবের এই দাবির পরে সাংবাদিকদের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ৮ অগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মহম্মদ ইউনূস। ছাত্রনেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে গঠিত হয়েছিল সেই সরকার। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়।


Share