Beldanga Incident

বেলডাঙায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ‍্যের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ফিরিয়ে দেওয়া হল কলকাতা হাই কোর্টে

শুনানিতে এনআইএ-র আইনজীবী দাবি করেন, হাই কোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য তদন্তের নথি তুলে দেয়নি। রাজ্যের পাল্টা জানায়, বেলডাঙার অশান্তির ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে এখনও পর্যন্ত জামিন দেওয়া হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৭

বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এনআইএ-এর তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ‍্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, এনআইএ তদন্তে হস্তক্ষেপ করবে না। কলকাতা হাই কোর্টে এই মামলায় মুখবন্ধ খামে এনআইএকে রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বেলডাঙার অশান্তির ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছিল। হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে মামলার তদন্ত এনআইএকে দিয়ে করাতে পারে। একই সঙ্গে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে রাজ‍্য সরকার আরও কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে।

এ দিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চে মামলার শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, “প্রায় একমাস আগে ঘটনার তদন্তভার এনআইএ নিয়েছে। তাঁরা এফআইআর দায়ের করেছে। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ১৫ নম্বর ধারা প্রয়োগ করা যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত কলকাতা হাই কোর্ট নেবে।” শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা হাই কোর্টে মুখবন্ধ খামে এনআইএ রিপোর্ট জমা দেবে। ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করার কী উপাদান রয়েছে তা রিপোর্টে জানাতে হবে।

এ দিন শুনানিতে এনআইএ-র আইনজীবী দাবি করেন, হাই কোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য তদন্তের নথি তুলে দেয়নি। রাজ্যের পাল্টা জানায়, বেলডাঙার অশান্তির ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে এখনও পর্যন্ত জামিন দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে এনআইএ সক্রিয়। তবে কেন্দ্র এবং তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে জানায়, বেলডাঙা এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে, যা অত্যন্ত সংবেদনশীল। অশান্তির সময় বহু দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবহার হয়েছে প্রাণঘাতী অস্ত্রও। এনআইএ এই মামলা স্বাধীন ভাবে তদন্ত করছে। এনআইএ-র অভিযোগ, রাজ্য পুলিশ তদন্ত সংক্রান্ত কিছু নথি হস্তান্তর করছে না।

শুনানিতে ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগের প্রসঙ্গ ওঠে। সেই সম্পর্কে বিচারপতি জয়মাল‍্য বাগচীর বলেন, ‘‘প্রত্যেক আবেগঘন বা উত্তেজিত ঘটনার সঙ্গে দেশের অর্থনৈতিক নিরাপত্তার হুমকি জুড়ে দেওয়া যায় না। যদি বিস্ফোরক ব্যবহার না-হয়ে থাকে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট করার উদ্দেশ্য প্রমাণিত না-হয়, তা হলে ইউএপিএ-র ধারা ১৫ প্রয়োগের প্রশ্ন ওঠে। অভিযোগ, এনআইএ নথিপত্র পুরোপুরি পরীক্ষা না করেই ধারা ১৫ প্রয়োগ করেছে। এই সিদ্ধান্ত সঠিক কি না, তা কলকাতা হাই কোর্টই বিচার করবে।


Share