Marriage Hall in Delhi University

কলেজে ক্লাস নয়, বিয়ের আসর! হংসরাজে অধ্যক্ষের ছেলের বিয়ে ঘিরে তুমুল বিতর্ক

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত সোমবার কলেজে চত্বরেই অধ্যক্ষ রমা শর্মার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। তার জন্য এক সপ্তাহ ধরে কলেজকে সাজানো-গোছানো হচ্ছিল।

কলেজে বিয়ের আসর
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৭

ফেব্রুয়ারী মানেই বিয়ের মরশুম। আর এ বার এক আজব বিয়ের আসর দেখা গেল দিল্লির হংসরাজ কলেজে। পড়াশোনা শিকেয় তুলে কলেজেই বিয়ের আসর বসিয়েছিল অধ্যক্ষ। এই ঘটনাকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে কলেজ চত্বর-সমেত এলাকায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত সোমবার কলেজে চত্বরেই অধ্যক্ষ রমা শর্মার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। তার জন্য এক সপ্তাহ ধরে কলেজকে সাজানো-গোছানো হচ্ছিল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজ চত্বরে রঙিন তাঁবু খাটানো হয়েছে। কলেজের গেটগুলিতেও রঙিন পর্দা লাগানো হয়েছে।

মঙ্গলবার কলেজ চত্বরে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের প্রতিনিধিরা এবং বহু পড়ুয়া সামিল হন। তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলেজ হস্টেলটি হঠাৎ করে একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, সাধারণ ছাত্রছাত্রীরা বিকেলের পর কলেজের মাঠ ব্যবহার করতে না পারলেও সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে বিয়ের অনুষ্ঠান চলেছে বলেও দাবি তাঁদের।

পড়ুয়াদের আরও অভিযোগ, বিয়ের মঞ্চ তৈরির কাজে প্রায় এক সপ্তাহ কলেজের বিভিন্ন অংশে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে ছাত্র সংসদের সম্পাদক আসিকুল ইসলাম প্রশ্ন তোলেন, 'অধ্যক্ষ কি কলেজটাকে ‘ব্যাঙ্কোয়েট হল’ মনে করেছেন?'

তবে যে শিক্ষককে ঘিরে এই বিতর্ক, সেই অধ্যক্ষ এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (যার অধীনে হংসরাজ কলেজ) রেজিস্ট্রার বিকাশ গুপ্ত বলেন, অযথা বিতর্ক তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি জানান, “অহেতুক বিতর্ক তৈরি করবেন না। অধ্যক্ষ কলেজের তরফে দেওয়া বাড়িতে থাকেন। তাই তাঁর এই ধরনের অনুষ্ঠান করার অধিকার রয়েছে।” কলেজ চত্বরে এমন অনুষ্ঠান এই প্রথম হচ্ছে না বলেও দাবি করেন তিনি।


Share