Special Intensive Rivision

উচ্চ মাধ্যমিকে সেন্টার ইনচার্জদের স্বস্তি, পরীক্ষার সময় এসআইআর দায়িত্বে আংশিক ছাড়

বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিনগুলোতে তাঁরা সারাদিন নয়, কেবল পরীক্ষার সময়টুকুর জন্য এসআইআর-এর কাজ থেকে অব্যাহতি পাবেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৭

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সেন্টার ইনচার্জদের এসআইআর কর্মসূচির দায়িত্ব থেকে আংশিক ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিনগুলোতে তাঁরা সারাদিন নয়, কেবল পরীক্ষার সময়টুকুর জন্য এসআইআর-এর কাজ থেকে অব্যাহতি পাবেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার জানান, ‘সাধারণত অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) ও সহকারি বিদ্যালয় পরিদর্শকরাই (এআই) সেন্টার ইনচার্জের দায়িত্ব পালন করেন। কিন্তু সার–এর কাজে যুক্ত থাকার ফলে বহু সেন্টার ইনচার্জ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ প্রশ্নপত্র বণ্টন থেকে শুরু করে খাতা সংগ্রহ সহ পরীক্ষার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সেন্টার ইনচার্জদের ওপরই ন্যস্ত। তাঁদের অনুপস্থিতিতে পরীক্ষা পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।’ তিনি আরোও জানান, এই পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করেই সমাধানসূত্র বের করা হয়েছে।

এদিকে, মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন-সমেত ধরা পড়েছে ১০ জন পরীক্ষার্থী। পর্ষদ জানিয়েছে, আলিপুরদুয়ারে চারজন, নদিয়ায় তিনজন এবং কোচবিহার, পূর্ব মেদিনীপুর ও হুগলি থেকে একজন করে পরীক্ষার্থী ধরা পড়ে। নিয়ম অনুযায়ী, তাঁদের এ বছরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাওয়ার পথে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের খোঁজ নেন। বাইরে অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনীয়তার খোঁজও করেন। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে শিক্ষিকারাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।


Share