Beldanga Incident

বেলডাঙার ঘটনায় কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পলের বেঞ্চের, হাই কোর্টের ধাক্কা রাজ‍্য সরকারের

রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবীর সওয়াল করেন, এই ঘটনাগুলি কোনও বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। বরং এই ঘটনাগুলি পূর্বপরিকল্পিত। গত শুক্রবারে ঘটনা অতীতে হিংসার ঘটনার পুনরাবৃত্তি। ঘটনার ধরণ সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে।”

বেলডাঙার ঘটনায় তদন্ত করতে পারবে এনআইএ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:৫৫

বেলডাঙার অশান্তির ঘটনায় কেন্দ্র চাইলে এনআইএকে দিয়ে তদন্ত করতে পারে। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে আবেদন করেন। আদালতের নির্দেশ, ঘটনায় এনআইএ তদন্তের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত কেন্দ্র স্বতঃপ্রণোদিত ভাবে নিতে পারবে।

অতীতে মুর্শিদাবাদের ধূলিয়ান এবং সমশেরগঞ্জে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। চলমান সেই মামলার প্রেক্ষিতে বেলডাঙার ঘটনায় অন্তর্বর্তী আবেদন (ক‍্যান) দাখিল করেন তিনি। সেই মামলাতেই রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবীর সওয়াল করেন, এই ঘটনাগুলি কোনও বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। বরং এই ঘটনাগুলি পূর্বপরিকল্পিত। গত শুক্রবারের ঘটনা অতীতে হিংসার ঘটনার পুনরাবৃত্তি। ঘটনার ধরণ সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে—যেখানে হিন্দুদের বেছে বেছে নিশানা করা হয়েছে।” ‘জাতিগত নির্মূল’-এর ঘটনার সঙ্গে এই ঘটনারও মিল রয়েছে বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর আইনজীবী আরও যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে তার প্রভাবকেও বিবেচনার আয়তায় নিয়ে আসা প্রয়োজন রয়েছে। ‘চিকেন নেক’ করিডরটি মুর্শিদাবাদের কাছেই অবস্থিত। মুর্শিদাবাদের ওই এলাকায় রেলের সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানানো হয়েছে। এ দিন আদালতে তিনি এ-ও জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা অত্যন্ত স্পর্শকাতর। অতীতেও সেখানে একাধিক বার অশান্তি এবং হিংসার ঘটনা ঘটেছে। এর পরেই তিনি দাবি করেন, এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএকে দেওয়া হোক।

রাজ্য সরকারের আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবির বিরোধিতা করেছেন। তিনি মামলাটিকে“রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত জনস্বার্থ মামলা” বলে কটাক্ষ করেছেন। আদালতের কাছে কল‍্যাণ সওয়াল করে বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই এই বিষয়ে জড়িত। তাঁদের তরফ থেকে বারবার বলা হচ্ছে, ‘হিন্দুরা আক্রান্ত হচ্ছেন’। বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে।”

আদালতের পর্যবেক্ষণ, মুর্শিদাবাদে বারবার ঘটে চলা ঘটনাগুলি অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে জেলাশাসক এবং জেলা পুলিশের সুপারকেই। হাই কোর্ট পর্যবেক্ষণে এ-ও জানিয়েছে, নাগরিকদের জীবন, স্বাধীনতা, মর্যাদা এবং সম্পত্তি যাতে বিপন্ন না হয় তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকই নিশ্চিত করবেন।

আদালতের নির্দেশ, কেন্দ্রীয় সরকার চাইলে বেলডাঙার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তদন্ত করতে পারবে। সেক্ষেত্রে এনআইএ আইনের ৬(৫) ধারায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করতে পারবে। এর পাশাপাশি আদালত এ-ও বলেছে বর্তমানে মুর্শিদাবাদে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তাঁদেরকে বেলডাঙায় মোতায়েন করতে হবে রাজ‍্যকে। যদি আরও বাহিনীর প্রয়োজন হয়, তা দেবে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ দিনের মধ্যে বেলডাঙায় শান্তি ফেরাতে কী পদক্ষেপ করা হয়েছে তা হলফনামা জমা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ।


Share