Murder Case

মাত্র ৩০ টাকা নিয়ে দাম্পত্য কলহ, হাড়োয়ায় শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী

সন্তানের পড়ার খরচ নিয়ে অশান্তির পর স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে, পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০

দাম্পত্য কলহের জেরে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বরোজ পশ্চিমপাড়া গ্রামে। মৃতার নাম রুবিয়া সুলতানা (২৩)। তাঁর স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। রুবিয়াকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে শ্বাসরোধের ইঙ্গিত মিললেও, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের কথায়, দম্পতির সন্তানের পড়াশোনার জন্য এক গৃহশিক্ষক নিযুক্ত ছিলেন। অভিযোগ, সেই গৃহশিক্ষকের পারিশ্রমিক দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। প্রতিবেশী আলিমুদ্দিন মোল্লার দাবি, রুবিয়া স্বামীর কাছে ৩০ টাকা চান সন্তানের পড়ার খরচ মেটাতে। রবিউল টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে রুবিয়া অভিমানে বাপের বাড়ি চলে যান। পরে দুই পরিবারের উদ্যোগে মীমাংসা হলে তিনি স্বামীর ঘরে ফেরেন। অভিযোগ, সোমবার রাতে একই বিষয়কে কেন্দ্র করে ফের ঝগড়া বাধে। সেই সময়েই রুবিয়াকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

এলাকার তৃণমূল নেতা মনিরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর বিবাদ মেটাতে দুই পরিবারকে ডেকে আলোচনা করা হয়েছিল। তাঁদের স্বাভাবিক সংসার জীবনে ফেরানোরই চেষ্টা ছিল। সামান্য অর্থের জন্য এমন পরিণতি হবে, তা ভাবা যায়নি। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।


Share