Missing

শমসেরগঞ্জে নিখোঁজ গ্রাম্য চিকিৎসক, অপহরণের আশঙ্কা পরিবারের

রবিবার রোগী দেখতে বেরিয়ে আর ফেরেননি ওই গ্রাম্য চিকিৎসক। পরিবারের অপহরণের আশঙ্কা। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শমসেরগঞ্জ
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৫:০২

গ্রামবাসীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘ডাক্তারবাবু’ নামেই। দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা করতেন। ওই ব্যক্তিরই হঠাৎ নিখোঁজ হওয়ায় উৎকণ্ঠা ছড়িয়েছে। রবিবার বাড়ি থেকে বেরোনোর পর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনাটি মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার অধীনে জয়কৃষ্ণপুর–চাঁদনিদহ গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তি আদতে একজন হাতুড়ে চিকিৎসক বা ‘কোয়াক’। অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই তাঁর উপর ভরসা করতেন। পরিবারের দাবি, নির্দিষ্ট দিনে তিনি রোগী দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু বেলা গড়িয়ে রাত হলেও আর বাড়ি ফেরেননি। বারবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সেটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতেও খোঁজ নিয়ে কোনও হদিস মেলেনি।

পরিবারের এক সদস্যের কথায়, “উনি তো কারও ক্ষতি করেননি। রোগী দেখতে গিয়েই যদি আর না ফেরেন, তাহলে কীভাবে বুঝব কী ঘটেছে। আমাদের আশঙ্কা, কেউ ওঁকে তুলে নিয়ে গিয়েছে।”

গ্রামের একাংশের ধারণা, কোনও পুরনো শত্রুতা কিংবা পেশাগত রেষারেষির জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ সংক্রান্ত ডায়েরি পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। যে পথ দিয়ে ওই চিকিৎসক গিয়েছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তাঁর মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই এই ঘটনার রহস্যের কিনারা হবে বলে আমরা আশাবাদী।” ঘটনাকে ঘিরে জয়কৃষ্ণপুর–চাঁদনিদহ গ্রামে আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে।


Share