Hanging Body Recovered

মায়াপুরের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের রহস্যমৃত্যু, শ্রেণীকক্ষ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

মঙ্গলবার নিয়মমাফিক ক্লাস নেওয়ার পর স্কুল ছুটির পরে ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মায়াপুর
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৯

শ্রেণীকক্ষ থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ। সনদিয়ার মায়াপুরের গঞ্জডাঙ্গা মাহেশ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে। মৃত শিক্ষকের নাম মিন্টু ঘোষ (৩৬)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টুবাবু মায়াপুরেই পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। স্ত্রী, পাঁচ বছরের সন্তান এবং মা-বাবাকে নিয়ে তাঁর সংসার ছিল। পরিবারের দাবি, গত কয়েক মাস ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ভেলোরেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর যথাযথ চিকিৎসাও চলছিল।

মঙ্গলবার নিয়মমাফিক স্কুলে গিয়ে একাধিক ক্লাস নেন মিন্টু ঘোষ। বিকেলে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও তিনি বিদ্যালয়ে ছিলেন। অভিযোগ, সব ছাত্রছাত্রী বেরিয়ে যাওয়ার পরে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি নজরে আসে। পরে শ্রেণিকক্ষের ভিতরে তাঁরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মায়াপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁদের উপস্থিতিতে দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।মায়াপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অপর্ণা ঘোষ হালদার জানান, পরিবারের বক্তব্য অনুযায়ী মৃত শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। প্রাথমিক তদন্তে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানা ও মায়াপুর ফাঁড়ির পুলিশ।


Share