Special Intensive Rivision

এক দফায় হবে বিধানসভা নির্বাচন! খতিয়ে দেখতে মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, রয়েছে একাধিক বৈঠক

কমিশন সূত্রের আরও জানা গিয়েছে, কমিশনের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এক দফাতেই রাজ্যের বিধানসভা নির্বাচন করাতে চায় সিইও দফতর। তা নিয়ে দিল্লিকে মতামত দেবেন। তবে এই সর্বশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৩

আগামী মার্চ মাসের শুরুতেই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। কমিশন সূত্রের খবর, ১ ও ২ মার্চ নির্বাচন কমিশনের প্রতিনিধিদল রাজ‍্যে আসতে পারেন। তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারেন। এর পাশাপাশি, রাজ‍্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালও।

রাজ‍্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। বিভিন্ন কেন্দ্রে শুনানি এখনও শেষ হয়নি। বাকি রয়েছে নথি যাচাই এবং তা খতিয়ে দেখে নিস্পতির কাজ। তা শেষ করতে হবে ২১ ফেব্রুয়ারির মধ্যেই। তার থেকে আরও তিন থেকে চার দিনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল তা নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করবেন। 
তা সেই ভোটার তালিকা নিশ্চিত করতে তিন থেকে চার দিন সময় নেবে নির্বাচন সদন। আগামী ২৮ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিনক্ষণ ঠিক হয়েছে।

কমিশন সূত্রের খবর, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই জাতীয় নির্বাচনের প্রতিনিধি দল রাজ্যে আসবেন। আগামী ১ এবং ২ মার্চ তাঁদের রাজ্যে আসার কথা আপাতত ঠিক হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা এখানে বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। এ ছাড়াও, একাধিক এনফোর্সমেন্ট সংস্থা সেই বৈঠকে যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

কমিশন সূত্রের আরও জানা গিয়েছে, কমিশনের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এক দফাতেই রাজ্যের বিধানসভা নির্বাচন করাতে চায় সিইও দফতর। তা নিয়ে দিল্লিকে মতামত দেবেন। তবে এই সর্বশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।

শুধু পশ্চিমবঙ্গ নয় বাকি আরও চারটি রাজ‍্য‍ে নির্বাচন হবে। স্বাভাবিক ভাবেই মার্চ মাসের শেষ দিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে নির্বাচনী বিশেষজ্ঞেরা। যদিও এই বিষয়ে মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এখনই এই বিষয়ে মন্তব‍্য করতে চাইছেন না।


Share