Development of Balurghat

ছ’মাসেই নিভে গেল ‘উন্নয়নের আলো’! হিলিতে অকেজো অধিকাংশ সোলার লাইট, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের

বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে হিলি ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে প্রায় এক কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হিলি
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১০

উন্নয়নের লক্ষ্যে বসানো সোলার লাইটই এখন অন্ধকারের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের তিওড় এলাকায়। স্থাপনের ছ’মাসের মধ্যেই অধিকাংশ লাইট বিকল হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে হিলি ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে প্রায় এক কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই অর্থে পানীয় জল ব্যবস্থা, হাটের শেড নির্মাণের পাশাপাশি মোট ১৩৫টি সোলার লাইট বসানো হয়, যার বড় অংশই তিওড় এলাকায় স্থাপন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, বসানোর কয়েক মাসের মধ্যেই অধিকাংশ লাইট অকেজো হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এত অল্প সময়ে এতগুলি লাইট খারাপ হওয়া স্বাভাবিক নয়। তাঁদের কথায়, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার না হলে এমনটা হওয়ার কথা নয়, ফলে দুর্নীতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁরা আরও জানান, এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর যে সোলার লাইট বসিয়েছিল, সেগুলি এখনও সচল রয়েছে।

এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক মিত্র কটাক্ষ করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ চোখে দেখছেন। কিন্তু বিজেপি বিধায়কদের উন্নয়ন কোথাও জ্বলে না, কোথাও বাজে না।' বিজেপি নেতা জয়ন্ত প্রামাণিকের দাবি, 'যন্ত্রাংশের জিনিস খারাপ হতেই পারে। বিষয়টি নজরে এসেছে। দ্রুত সেগুলি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।'


Share