Gang Rape

সুভাষগ্রামে ভয়াবহ কাণ্ড! স্বামীকে বেধড়ক মারধর, গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

স্বামীকে বেধড়ক মারধর করে ছুরি দেখিয়ে খুনের হুমকি, তার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, আত্মীয়ের বাড়িতে সপরিবার বেড়াতে এসে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ওই বধূ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সুভাষগ্রাম
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৩:৪০

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে চাঞ্চল্যকর ঘটনা! স্বামীকে বেধড়ক মারধর করে ছুরি দেখিয়ে খুনের হুমকি, তার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, আত্মীয়ের বাড়িতে সপরিবার বেড়াতে এসে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ওই বধূ। রাতের অন্ধকারে স্বামীকে মারধর করে তাঁর সামনেই স্ত্রীকে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার স্বামীর সঙ্গে সুভাষগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই বধূ। রাত দেড়টা নাগাদ স্বামীর সঙ্গে পাড়ারই অন্য একটি বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় পাঁচ যুবক তাঁদের পিছু নেয়। কিছুটা যাওয়ার পর নির্জন জায়গায় ওই দম্পতির পথ আটকায় অভিযুক্তরা। প্রথমে মহিলার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে চিৎকার শুরু করলে ওই বধূর গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁকে একটি ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে এক যুবক তাঁকে ধর্ষণ করেন। বাকিরা তাঁর হাত-পা চেপে ধরে রেখেছিল বলে অভিযোগ নির্যাতিতার। ওই দম্পতিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

প্রায় ঘণ্টাখানেক পর কোনওক্রমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে আসেন ওই বধূ। স্বামীকে সঙ্গে নিয়ে রাতেই অন্য একটি বাড়িতে আশ্রয় নেন তাঁরা। শনিবার সকালে সোনারপুর থানায় গিয়ে গোটা ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত-সহ বাকিরা ঘটনার পর থেকেই পলাতক বলে জানা গিয়েছে। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত-সহ বাকিরা অধরা কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছে। প্রতি রাতেই বহিরাগতদের আনাগোনা বাড়ে। মদ ও গাঁজার আসরও বসে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, এই বিষয়ে আগেও কাউন্সিলর ও পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার পর এলাকার মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিজেদের ও পরিবারের সুরক্ষা নিয়েও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।


Share