Mamata Banerjee

কালীঘাটে মমতার বাড়ির সামনে নিরাপত্তার কড়াকড়ি! ভিউ কাটারের সামনেও বসানো হল উঁচু লোহার ব্যারিকেড, নেপথ্যে কী কারণ?

ভিউ কাটারের সামনের অংশে নতুন করে বসানো হয়েছে লোহার কাঠামো। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বলয় আরও জোরদার হল। তবে হঠাৎ কেন এই ব্যবস্থা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০২:৪৩

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হল। বাড়ির সামনে আগে থেকেই থাকা লোহার ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। ভিউ কাটারের সামনের অংশে নতুন করে বসানো হয়েছে লোহার কাঠামো। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বলয় আরও জোরদার হল। তবে হঠাৎ কেন এই ব্যবস্থা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের একাধিক জায়গায় বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। এমনকী, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও ডিম হামলার অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে গত জুন মাসে তাঁর বাড়ির সামনে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফেই ওই ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বার সেই ভিউ কাটারের সামনের অংশেই বাড়ানো হল লোহার কাঠামো। আগে ব্যারিকেডের নীচের অংশে লোহার রেলিং থাকলেও উপরের অংশটি ছিল ফাঁকা। নতুন করে সেই ফাঁকা অংশেও বসানো হয়েছে লোহার ব্যারিকেড। ফলে আগের তুলনায় আরও উঁচু হয়েছে বাড়ির সামনের নিরাপত্তা বেষ্টনী।

প্রসঙ্গত, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরনোর সময় ডিম হামলার মুখে পড়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছোড়ে। এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই কি এবার ব্যারিকেডের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত? নেপথ্যে কি নিরাপত্তাজনিত বিশেষ কোনও কারণ? কে বা কারা এই নতুন লোহার কাঠামো বসানোর নির্দেশ দিয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই পদক্ষেপের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।


Share