Honey Singh Nephew Death

বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনা, জলন্ধরে মৃত হানি সিংহের ভাইপো-সহ দু’জন

বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে জলন্ধরে ট্র্যাক্টর-ট্রলিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল হানি সিংহের ভাইপো বিদিত ওলকর-সহ দুই তরুণের।

(বাঁ দিক থেকে) বিদিত ওলাক এবং অরব তলওয়ার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০২:০৭

পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় র‍্যাপার হানি সিংহের ভাইপো বিদিত ওলকরের। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অরব তলওয়ার নামে আরও এক তরুণ। শনিবার রাতে বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর রবিবার ভোররাতে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টর-ট্রলিতে তাঁদের গাড়ি সজোরে ধাক্কা মারলে এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচ জন ছিলেন। জলন্ধরের পুলিশ লাইন এলাকার কাছে একটি উড়ালপুল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বিদিত ও অরবের। বাকি তিন জন দুর্ঘটনার পর বাড়ি ফিরে যান বলে জানা গিয়েছে।

বিদিত ওলকর পঞ্জাবি মিউজিক সংস্থা স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে। অন্য দিকে, অরব তলওয়ার জলন্ধরের জনপ্রিয় মিষ্টির দোকান পাপ্পি সুইটসের মালিকের ছেলে। দুই তরুণের আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণের দেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতি কীভাবে ঘটল, তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা পাঁচ জনের মধ্যে দু’জনের মৃত্যু এবং বাকি তিন জনের বাড়ি ফিরে যাওয়ার তথ্য সামনে এসেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


Share