Heroin Seized

সমশেরগঞ্জে এক কেজির বেশি হেরোইন উদ্ধার, গ্রেফতার কালিয়াচকের যুবক, ঘটনায় পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর পোস্ট থেকেই জানা যায়, উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১.০১৪ কেজি।

মাদক সংক্রান্ত তথ্য প্রকাশ করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা, সমশেরগঞ্জ
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৬:৪৩

মুর্শিদাবাদের সমশেরগঞ্জে বড়সড় মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। জাতীয় সড়ক ১২-এর পাশে অভিযান চালিয়ে এক কেজিরও বেশি হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় মালদহের কালিয়াচকের বাসিন্দা আরমান শেখকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সমশেরগঞ্জ থানার পুলিশ এই অভিযান চালায়। প্রশাসনিক সূত্রে খবর, স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই মাদক বাজেয়াপ্ত করা হয়।

শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযানের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর পোস্ট থেকেই জানা যায়, উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১.০১৪ কেজি। ধৃত আরমান শেখের বাড়ি মালদহ জেলার কালিয়াচকের মহব্বতপুর গ্রামে।

তবে কোথা থেকে ওই হেরোইন আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পিছনে কোনও বড় মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

মাদক উদ্ধারের ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। রাস্তাঘাট নিরাপদ রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য মুর্শিদাবাদ জেলার পুলিশকর্মীদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্যজুড়ে মাদক পাচার রুখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি সতর্কতার সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেছেন।

মাদকাসক্তির সমস্যা মোকাবিলা এবং ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যাতে মাদক ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে নজর রাখছে প্রশাসন।

অন্যদিকে, ধৃতের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে, তাঁকে আদালতে পেশ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। উদ্ধার হওয়া হেরোইনের উৎস এবং এই কারবারের সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানতে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share