Accident

চালকবিহীন টোটোর ধাক্কায় দুর্ঘটনা, জলে পড়ে মৃত্যু প্রৌঢ়ার

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত টোটোচালক তথা মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

জলে পড়ে গেছে টোটো
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৫:৩০

চালকবিহীন টোটোর ধাক্কায় দুর্ঘটো। মৃত্যু হল এক প্রৌঢ়ার। ভাগীরথীতে স্নান সেরে ঘাটের পাশে পোশাক বদলাচ্ছিলেন এক প্রৌঢ়া। সেই সময় চালকবিহীন একটি টোটো তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। নাম জবারানি সাহা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সদরঘাট এলাকায়। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্বামী সুকুমার সাহাকে সঙ্গে নিয়ে ভাগীরথীতে স্নান ও পুজো করতে গিয়েছিলেন জবারানি। স্নান পর্ব মিটিয়ে ঘাটে দাঁড়িয়ে তাঁরা ভেজা কাপড় বদলাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি ফাঁকা টোটো রাস্তা থেকে গড়িয়ে ঘাটের ঢাল বেয়ে নীচে নেমে আসে। জাবাড়ানি সরে যাওয়ার কোনও সুযোগ পাননি। ফলে টোটোটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নদীতে ছিটকে পড়েন। টোটোটি তাঁর উপরেই পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোচালক গাড়িটি নদীর ধারে দাঁড় করিয়ে পাশের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, হ্যান্ডব্রেক ঠিকমতো না টানায় টোটোটি গড়িয়ে নেমে গিয়ে ওই দুর্ঘটনা ঘটায়।

মৃতের স্বামী সুকুমার সাহা জানান, “আমি আর স্ত্রী ঘাটে দাঁড়িয়ে ভেজা পোশাক বদলাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে চালকবিহীন একটি টোটো এসে ওকে ধাক্কা মারে। ভারসাম্য হারিয়ে স্ত্রী নদীতে পড়ে যায়।” তাঁর মাথা, থুতনি-সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত টোটোচালক তথা মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


Share