Railway Update

জিয়াগঞ্জ-ভগবানগোলার মাঝে স্থায়ীভাবে বন্ধ রেলগেট! ৩ নভেম্বর থেকে নতুন নিয়ম, রেললাইন পারাপারে তৈরি বিকল্প পথ

রেলগেটের পরিবর্তে তৈরি করা হয়েছে লিমিটেড হাইট সাবওয়ে (এলএইচএস)। ফলে এখন থেকে রেললাইন পারাপারের জন্য স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের ওই সাবওয়েই ব্যবহার করতে হবে।

জিয়াগঞ্জ-ভগবানগোলার মাঝে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে রেলগেট।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৯

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ও ভগবানগোলা স্টেশনের মাঝে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল ১৫৪/ই নম্বর লেভেল ক্রসিং। গত ৩ নভেম্বর থেকে শিয়ালদহ ডিভিশনের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রেলগেটের পরিবর্তে তৈরি করা হয়েছে লিমিটেড হাইট সাবওয়ে (এলএইচএস)। ফলে এখন থেকে রেললাইন পারাপারের জন্য স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের ওই সাবওয়েই ব্যবহার করতে হবে।

রেল সূত্রে খবর, জিয়াগঞ্জ ও ভগবানগোলা স্টেশনের মধ্যবর্তী ২০৮/১৯-২১ কিলোমিটার পয়েন্টে অবস্থিত ছিল এই লেভেল ক্রসিং। নতুন সাবওয়ে নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পরই রেলগেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই পথে সড়ক যানবাহন চলাচলও নতুন সাবওয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

বন্ধ রেলগেট দিয়ে যাতে কেউ যাতায়াত করতে না পারেন, সেই জন্য দু’দিকের রাস্তা কেটে নালা তৈরি করা হয়েছে। পাশাপাশি, বেআইনি পারাপার রুখতে বসানো হয়েছে রেলিংও। রেল কর্তৃপক্ষের তরফে স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং গাড়িচালকদের নতুন সাবওয়ে ব্যবহারের আবেদন জানানো হয়েছে। পুরনো রেলগেট দিয়ে পারাপারের চেষ্টা করলে বিপদের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের দাবি, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং রেললাইনের দু’পাশে যাতায়াত আরও নিরাপদ করতেই এই পদক্ষেপ। নতুন সাবওয়ে চালু হওয়ায় এ বার থেকে বিকল্প পথেই রেললাইন পারাপার করতে পারবেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।


Share